চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করেছে সরকার। তার স্থলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি অনুষ্ঠান এবং জেলা প্রশাসকের বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের আট দিনের মাথায় এ সিদ্ধান্ত এলো।
রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ ও উনি-২ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে বিতর্কের সূত্রপাত হয়। অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে তারা অনুষ্ঠান বর্জন করেন।
একই দিন দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহারের দেওয়া বক্তব্য নিয়েও বিতর্ক সৃষ্টি হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ পরে ‘বিএনপি নেটওয়ার্ক-চুয়াডাঙ্গা-২’ নামের একটি ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে জেলা প্রশাসককে বলতে শোনা যায়, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার পরে কয়েকটা মাস আমাদের দেশটা অভিভাবকহীন বিশৃঙ্খল অবস্থায় চলছিল। তারই মধ্যে পঁচাত্তরের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশারফ মেজর জিয়াউর রহমানকে গৃহবন্দি করেন। এই ৩ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের কোনো অভিভাবক ছিল না। দেশ ছিল পুরো বিশৃঙ্খল। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষরা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়ে।’
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকা এবং জেলা প্রশাসকের বক্তব্য—দুটি বিষয়ই প্রকাশ্যে আসার পর চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এসব ঘটনার আট দিনের মাথায় জেলা প্রশাসক লুৎফুন নাহারকে প্রত্যাহারের আদেশ জারি করা হলো।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের কারণ হিসেবে ৭ নভেম্বরের অনুষ্ঠান কিংবা বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের কোনো উল্লেখ করা হয়নি। ফলে ওই বিতর্কের সঙ্গে তার প্রত্যাহারের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা সরকারি আদেশ থেকে নিশ্চিত হওয়া যায়নি।