Home আজকের মিল্লাত মিষ্টিতে পোকা দেখিয়ে আইফোন-নগদ টাকা চাওয়ার অভিযোগ ভ্লগার দম্পতির বিরুদ্ধে

মিষ্টিতে পোকা দেখিয়ে আইফোন-নগদ টাকা চাওয়ার অভিযোগ ভ্লগার দম্পতির বিরুদ্ধে

A+A-
Reset

ভারতের পশ্চিমবঙ্গে মিষ্টিতে ইচ্ছাকৃতভাবে পোকা দেখিয়ে ক্ষতিপূরণের নামে নগদ অর্থ ও আইফোন চাওয়ার অভিযোগ উঠেছে এক ভ্লগার দম্পতির বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার হাবড়ার প্রফুল্লনগরে এ ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) *আনন্দবাজার পত্রিকা* এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশের কাছে দেওয়া অভিযোগে মিষ্টির দোকানের মালিক নয়ন ঘোষ দাবি করেন, বৃহস্পতিবার সকালে সহেলি দে সূত্রধর ও তার স্বামী সুব্রত দে হাবড়ার প্রফুল্লনগরের ‘শ্রীকৃষ্ণ সুইটস’ নামের দোকানে যান। পরে মিষ্টি খাওয়ার সময় তারা মিষ্টির মধ্যে পোকা থাকার অভিযোগ তোলেন। এ নিয়ে দোকানের মালিকের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়।

অভিযোগে বলা হয়, ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে নয়ন ঘোষের হোয়াটসঅ্যাপে পোকা থাকা মিষ্টির ছবি ও ভিডিও পাঠানো হয়। ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে বারবার ফোন করে ব্ল্যাকমেইল করা হয় বলেও অভিযোগ করেন দোকানি।

দোকানি আরও দাবি করেন, তাকে ওই দিন সন্ধ্যা ৬টার মধ্যে ভ্লগার দম্পতির বাড়িতে যেতে বলা হয়। পরে তিনি সেখানে গেলে ছবি ও ভিডিও মুছে দেওয়ার বিনিময়ে আইফোন ও নগদ অর্থ দাবি করা হয়।

নয়ন ঘোষের অভিযোগ, মিষ্টিতে ইচ্ছাকৃতভাবে পোকা মেশানো হয়েছিল এবং পরে তাকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে।

তিনি দাবি করেন, তার মিষ্টি তৈরির কারখানায় আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে খাদ্যসুরক্ষা বিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করা হয়। এ কারণে মিষ্টিতে পোকা থাকার বিষয়টি নিয়ে তার সন্দেহ তৈরি হয়েছে। ব্যবসা ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করে অর্থ আদায়ের উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, ভ্লগার দম্পতির বিরুদ্ধে ইতোমধ্যে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দম্পতিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মানহানির মামলাও করা হয়েছে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা