Home সারাদেশখুলনা সিডরের ১৯ বছর পরও আতঙ্কে বাগেরহাট, চায় টেকসই বেড়িবাঁধ

সিডরের ১৯ বছর পরও আতঙ্কে বাগেরহাট, চায় টেকসই বেড়িবাঁধ

A+A-
Reset

রুম্মান মাহমুদ শৈশব, বাগেরহাট: বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামে এখনো কাটেনি ঘূর্ণিঝড় সিডরের আতঙ্ক। একদিকে ২০০৭ সালের ভয়াবহ সিডরের স্মৃতি, অন্যদিকে পশুর নদীর অব্যাহত ভাঙন-দুইয়ের সঙ্গে লড়াই করেই দিন কাটছে পাঁচ শতাধিক জেলে পরিবারের। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। এমন পরিস্থিতিতে জনপদ রক্ষায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

২০০৭ সালের ১৫ নভেম্বর। উপকূলীয় জনপদের মানুষের কাছে দিনটি আজও বিভীষিকাময় স্মৃতি হয়ে আছে। ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে আঘাত হানা সুপার সাইক্লোন সিডরের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। ভয়াবহ জলোচ্ছ্বাসে ভেঙে পড়ে বেড়িবাঁধ, ধ্বংস হয় ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন অবকাঠামো। সরকারি হিসাবে উপকূলীয় অঞ্চলে প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ। এর মধ্যে বাগেরহাটের শরণখোলায় মারা যান ৯০৮ জন। দুবলার চরের শুঁটকিপল্লিতে নিখোঁজ জেলেদের হিসাবসহ বেসরকারি হিসাবে জেলায় প্রাণহানির সংখ্যা প্রায় দুই হাজার বলে জানা যায়।

সেই দুর্যোগের ১৯ বছর পেরিয়ে গেলেও কানাইনগর গ্রামের মানুষের জীবনে নিরাপত্তা ফেরেনি। পশুর নদীর অব্যাহত ভাঙনে ক্রমেই সংকুচিত হচ্ছে জনপদ। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে বসতভিটা ও ফসলি জমি। আশ্রয়ণ প্রকল্প ও সরকারি ব্যারাকে বসবাস করেও নদীভাঙন এবং জলোচ্ছ্বাসের ঝুঁকি থেকে মুক্তি পাচ্ছেন না তাঁরা।

গ্রামের গুচ্ছবাসী তাসলিমা বেগম বলেন, ‘সিডরের সময় আমরা সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছিলাম। ফিরে এসে দেখি ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। পরে সেই জায়গা ঠিক করে আবার বসবাস শুরু করি। যাওয়ার মতো আমাদের কোনো জায়গা নেই। আমরা গরিব মানুষ, এখানেই থাকতে হয়। বন্যার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি। বেড়িবাঁধটা ভালোভাবে করে দিলে এবং আমাদের দিকে একটু নজর দিলে ভালোভাবে থাকতে পারতাম।’

সিডরের ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে স্থানীয় বাসিন্দা রিজিয়া বেগম বলেন, ‘সিডরের সময় আমার স্বামীসহ এলাকার অনেক জেলে সাগরে ছিলেন। আমরা কান্নাকাটি করে নদীতে নৌকা নিয়ে তাঁদের খুঁজেছি। পরে জানতে পারি, আল্লাহর রহমতে আমার স্বামীসহ কয়েকজন সুস্থ আছেন। তবে অনেক জেলে মারা গেছেন। তাঁদের মরদেহ নদী থেকে নৌকা, ট্রলার ও অন্যান্য জলযানে করে নিয়ে আসা হয়েছিল। ঝড়ের মধ্যে ঘর ভেঙে গেলে আমরা খাটের নিচে আশ্রয় নিয়েছিলাম। এখনো সেই স্মৃতি মনে পড়লে আতঙ্ক লাগে।’

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কানাইনগরে পর্যাপ্ত নাগরিক সুবিধা নিশ্চিত হয়নি। আশ্রয়ণ প্রকল্প গড়ে উঠলেও সুপেয় পানির সংকট রয়েছে। পাশাপাশি নদীভাঙন প্রতিরোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রতিটি দুর্যোগ মৌসুমে নতুন করে উদ্বেগ তৈরি হয়। জোয়ারের পানিতে তলিয়ে যায় চলাচলের রাস্তা। কোথাও কোথাও বসতভিটার অংশবিশেষ ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে।

বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে একসময় পশুর নদীর গ্রাসে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে কানাইনগর জেলেপল্লি। তাই শুধু আশ্বাস নয়, বসতভিটা, জনপদ ও জীবিকা রক্ষায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাঁদের।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, ‘২০০৭ সালের সিডরে ক্ষতিগ্রস্ত শরণখোলার জন্য আমরা প্রকল্প জমা দিয়েছি। তবে মোংলা এলাকায় এই মুহূর্তে আমাদের কোনো প্রকল্প জমা দেওয়া নেই, চলমান প্রকল্পও নেই। কানাইনগর জেলেপল্লিতে চলতি অর্থবছরের মধ্যে কিছু তীর সংরক্ষণমূলক কাজ করে নদীভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’

সরেজমিনে কানাইনগর গ্রামের বিভিন্ন স্থানে নদীভাঙনের ক্ষতচিহ্ন দেখা যায়। কোথাও বসতভিটার একাংশ নদীতে বিলীন হয়েছে, কোথাও জোয়ারের পানিতে ডুবে আছে চলাচলের রাস্তা। নিরাপদ পানির সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছেন এখানকার মানুষ।

সিডরের ১৯ বছর পরও কানাইনগরবাসীর কাছে সবচেয়ে বড় চাওয়া নিরাপদে বসবাসের নিশ্চয়তা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে টেকসই বেড়িবাঁধ ও নদীতীর সংরক্ষণের ব্যবস্থা করবে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা