Home সারাদেশরাজশাহী দেনমোহর ২ লাখ, বিচ্ছেদের দিন সার্জেন্ট সাবিহাকে ৫০ লাখ টাকা দেওয়ার দাবি

দেনমোহর ২ লাখ, বিচ্ছেদের দিন সার্জেন্ট সাবিহাকে ৫০ লাখ টাকা দেওয়ার দাবি

A+A-
Reset

মিল্লাত ডেস্ক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আলোচিত সার্জেন্ট সাবিহা আক্তারের বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে ৫০ লাখ টাকা লেনদেনের তথ্য সামনে এসেছে। সাবেক স্বামী পুলিশ পরিদর্শক মাহবুব আলমের সঙ্গে বিচ্ছেদের দিনই তিনি এই অর্থ গ্রহণ করেন বলে দাবি করেছেন সাবিহার ঘনিষ্ঠ বন্ধু ও নিউরন নার্সিং কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলাম।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের চন্ডিপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাইফুল। এ সময় তিনি সাবিহা ও মাহবুব আলমের বিবাহবিচ্ছেদের কাগজপত্রও সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

সাইফুলের দাবি, ২০২২ সালের ৩০ আগস্ট সাবিহা ও মাহবুব আলমের বিবাহবিচ্ছেদ হয়। ওই দিনই মাহবুব আলমের কাছ থেকে ৫০ লাখ টাকা গ্রহণ করেন সাবিহা। এ অর্থ নগদে সাইফুলের কাছে দেওয়া হয়েছিল। পরে তিনি নিজের প্রতিষ্ঠান নিউরন নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাবে জমা করেন। একই দিন ওই অর্থ সাবিহার ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।

সাইফুল জানান, মাহবুব আলম এফডিআর ভেঙে এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধার-কর্য করে ওই টাকা পরিশোধ করেছিলেন। তবে এত বড় অঙ্কের অর্থ নিজের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবহার করে লেনদেন করা ঠিক হয়নি বলে সংবাদ সম্মেলনে স্বীকার করেন তিনি।

নিকাহনামা অনুযায়ী, ২০২০ সালের ১০ জানুয়ারি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন কাজী অফিসে সাবিহা আক্তার ও মাহবুব আলমের বিয়ে হয়। কাজী মো. জিল্লুর রহমান তাদের বিয়ে পড়ান। নিকাহনামায় দেনমোহর নির্ধারণ করা হয়েছিল ২ লাখ টাকা। এর মধ্যে স্বর্ণের একটি নাকফুল ও একটি ব্রেসলেট বাবদ ১০ হাজার টাকা পরিশোধের কথা উল্লেখ রয়েছে। বাকি ১ লাখ ৯০ হাজার টাকা অপরিশোধিত ছিল।

তবে দেনমোহরের বকেয়া ১ লাখ ৯০ হাজার টাকার বাইরে বিবাহবিচ্ছেদের দিন কেন ৫০ লাখ টাকা লেনদেন হয়েছিল, সে বিষয়ে সংবাদ সম্মেলনে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি সাইফুল।

এ বিষয়ে জানতে সার্জেন্ট সাবিহা আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অন্যদিকে, রাজশাহীর বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা পুলিশ পরিদর্শক মাহবুব আলম বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। তার কাছে ৫০ লাখ টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাবেক স্ত্রীকে নিয়ে আপাতত কিছু বলতে চান না। সময় হলে সবকিছু জানাবেন।

সম্প্রতি সাবিহার ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের বিষয়টি জানাজানি হলে তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে অর্থের উৎস নিয়ে আলোচনা তৈরি হয়।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা