Home আজকের মিল্লাত যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি

A+A-
Reset

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৭ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বৃহস্পতিবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সফরকালে যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টারে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন চিফ হুইপ। এ সময় তিনি সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় কমিটির তদারকি, সংসদ সদস্যদের ভূমিকা ও জবাবদিহি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।

সফরে যুক্তরাজ্য ও বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা, দ্বিকক্ষ ও এককক্ষবিশিষ্ট সংসদের কাঠামো, সংসদ সদস্যদের দায়িত্ব এবং আইন প্রণয়নের বিভিন্ন পর্যায়ে বিল যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠকে সংসদীয় অধিবেশন পরিচালনায় সভাপতির ভূমিকা, সংসদীয় শৃঙ্খলা ও অধিকার সংরক্ষণ এবং বিভিন্ন ধরনের বিতর্ক পরিচালনার পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন চিফ হুইপ। বৈঠকে সংসদীয় প্রশ্ন, নোটিশ, জরুরি বক্তব্য, প্রস্তাব ও রেজল্যুশন, পয়েন্ট অব অর্ডার এবং সংসদীয় বিশেষাধিকার নিয়েও আলোচনা হয়।

হাউস অব কমন্সের কমিটি অন স্ট্যান্ডার্ডসের সদস্যদের সঙ্গেও বৈঠক করেন তিনি। সেখানে সংসদীয় নৈতিকতা, বিশেষাধিকার, সংসদ সদস্যদের আচরণবিধি এবং সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে অভিজ্ঞতা বিনিময় হয়। পাশাপাশি যুক্তরাজ্যের পার্লামেন্টের সিলেক্ট কমিটির কাঠামো, সরকারের কার্যক্রমের ওপর সংসদীয় নজরদারি, তথ্য ও সাক্ষ্য সংগ্রহ, প্রতিবেদন তৈরি এবং সুপারিশ বাস্তবায়নের কার্যকারিতা মূল্যায়ন নিয়ে আলোচনা করা হয়।

সফরের অংশ হিসেবে যুক্তরাজ্যের সংসদে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অধিবেশন এবং হাউস অব কমন্সের একটি কমিটির শুনানি পর্যবেক্ষণ করেন চিফ হুইপ। এ সময় দেশটির বাংলাদেশবিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

এ ছাড়া সংসদ সদস্যদের জন্য গবেষণা, প্রশাসনিক ও অন্যান্য সহায়তা সেবা, পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ, সংসদীয় সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদলটি হাউস অব কমন্স লাইব্রেরি পরিদর্শন করে সংসদ সদস্য ও সংসদীয় কর্মকর্তাদের জন্য পরিচালিত গবেষণা ও তথ্য সহায়তা কার্যক্রম সম্পর্কে অবহিত হয়।

সফরকালে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব ও সদর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন চিফ হুইপ। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএর চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সংসদীয় সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা