কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের ঈদগাঁও থানা সংলগ্ন স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সকলের পরিচয় সনাক্ত হয়েছে। তারা হলেন পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার ডুলহাজরা ইউনিয়নের ফকিরা খোলা গ্রামের মু, সাইফুল ইসলাম, একই উপজেলার ফাহাসিয়াখালী ৩ নম্বর ওয়ার্ড বামহাতির ছড়ার নুরুল বশরের পুত্র মোঃ ইমরান (২২), চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলবনিয়া গ্রামের সাহাব উদ্দিন (৪০), একই ইউনিয়নের গর্জনতলীর মৃত আজিজুর রহমানের পুত্র মোঃ রহমান এবং ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের দক্ষিণ নাইক্ষ্যংদিয়ার মোঃ ইদ্রিসের ছেলে জসিম উদ্দিন।
পোকখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি এইচ, এম সেলিম উদ্দিন জানান, গত ১০ বছর আগে থেকে জসিম খুটাখালী ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের অফিস পাড়ায় সপরিবারে বসবাস করে আসছেন।
দুর্ঘটনায় একজন অজ্ঞাতনামা মহিলা গুরুতর আহত অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তবে তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিশ্চিত করে বলতে পারেননি ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যক্তি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে, উক্ত দুর্ঘটনায় তার ফুফাতো বোন নইনা খাতুন ও আলহাজ্ব গুরা মিয়ার মেয়ে নাজমা আক্তার মৃত্যুবরণ করেছেন। স্ট্যাটাসে তিনি নিহত এ মহিলার বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর পাড়ায় বলে উল্লেখ করেছেন।
অন্যদিকে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, সংঘটিত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, যাত্রীবাহী বাস হানিফ এন্টারপ্রাইজ ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটেছিল। এতে তিনজন ঘটনাস্থলে এবং অপর দুইজনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।