মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘এটি এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকেই নিতে হবে।’
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
এর আগে গত জুলাইয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।
ওই পরিকল্পনার চার মাস পর গত সপ্তাহে রয়টার্সের আরেক প্রতিবেদনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার বিষয়টি সামনে আসে।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শুরু থেকেই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে তাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে ঢাকা।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একাধিকবার প্রশ্ন করেছেন সাংবাদিকরা। প্রতিবারই বিষয়টি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল বলে জানিয়েছে নয়াদিল্লি।
এমন পরিস্থিতিতে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো পর্যবেক্ষণ বা মতামত রয়েছে কি না, তা জানতে চাওয়া হয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।
জবাবে মুখপাত্র বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের জনগণের। একই সঙ্গে তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানান।
ই-মেইলে পাঠানো এক জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যেতে চায়, যেন উভয় দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং অভিন্ন স্বার্থগুলো এগিয়ে নেওয়া যায়।’