Home আজকের মিল্লাত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত, ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত, ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি

A+A-
Reset

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই দেশটির বিভিন্ন রাজ্যে আবাসিক ভবন, শ্রমিকদের থাকার স্থান, খাবারের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্মাণস্থলে তল্লাশি চালানো হচ্ছে। অভিযান থেকে বাঁচতে খাটের নিচে লুকিয়েও শেষ রক্ষা হচ্ছে না অভিবাসীদের। লুকানোর স্থান শনাক্ত করে সেখান থেকেও তাদের আটক করছেন কর্মকর্তারা।

চলতি বছরের প্রথম ১০ মাসে মালয়েশিয়াজুড়ে ১১ হাজার ৭৫৫টি অভিবাসনবিরোধী অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন বিভাগ। এসব অভিযানে ৬৯ হাজার ৭৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। একই সময়ে ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এসব তথ্য প্রকাশ করেছে মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

এদিকে, গত ১২ নভেম্বর দেশটির সংসদে দেওয়া তথ্যে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অভিযান পরিচালনার সংখ্যা বেড়ে ১১ হাজার ৮০৮টিতে দাঁড়িয়েছে। এ সময়ে আটক হয়েছেন ৭০ হাজার ১৯৫ জন অভিবাসী। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান পরিচালনা করছে অভিবাসন বিভাগ। এসব অভিযানে গড়ে প্রতিদিন ২২৮ জন বিদেশি নাগরিক আটক হচ্ছেন।

সর্বশেষ গত শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টা থেকে সেলাঙ্গর রাজ্যের কামপুং বারু সুবাং, আমপাং ও হুলু লাঙ্গাত এলাকায় একযোগে অভিযান চালায় রাজ্য অভিবাসন বিভাগ (জেআইএম)। এসব অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৪ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ নামে পৃথক তিনটি অভিযানের আওতায় আবাসিক এলাকা, খাবারের দোকান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, অভিযানে ১৮ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় ৩৮ জনের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয় ৩৪ জনকে।

বিভাগটির বিবৃতিতে বলা হয়, আমপাং এলাকার কয়েকটি খাবারের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে আটজন মিয়ানমার, একজন ইন্দোনেশিয়া ও একজন ভারতের নাগরিক। পরে হুলু লাঙ্গাত এলাকায় অভিযান চালিয়ে পোল্যান্ডের একজন নাগরিককেও আটক করা হয়।

এ ছাড়া অভিযানে একজন সাক্ষীকে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে একজন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ দিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম ২.০) চালু রেখেছে মালয়েশিয়া সরকার। কর্মসূচিটির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হয়েছে।

যেসব বিদেশি নাগরিকের বৈধ পাস বা অনুমতিপত্র নেই কিংবা অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করছেন, তারা নির্ধারিত শর্ত পূরণ করে এ কর্মসূচির আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে অপরাধের ধরন অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা এবং ২০ রিঙ্গিত বিশেষ পাসের ফি দিতে হয়। পাশাপাশি প্রয়োজনীয় ভ্রমণ নথি ও দেশে ফেরার টিকিট জমা দিতে হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী এ কর্মসূচিতে নিবন্ধন করেছেন। এ সময়ে জরিমানা ও অন্যান্য ফি বাবদ সরকারের আয় হয়েছে ১২ কোটি ৭০ লাখ রিঙ্গিত।

অভিবাসন বিভাগ জানিয়েছে, স্বেচ্ছায় প্রত্যাবাসনের সুযোগ চালু থাকলেও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান বন্ধ হবে না। বরং দেশজুড়ে গোয়েন্দা নজরদারি, সমন্বিত অভিযান ও নিয়মিত তল্লাশি অব্যাহত থাকবে।

এ পরিস্থিতিতে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান কিংবা অনুমতিপত্রের শর্ত লঙ্ঘন করলে যেকোনো সময় আটকের ঝুঁকি রয়েছে। একই সঙ্গে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা