Home আজকের মিল্লাত নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে সৌদিতে হুথিদের হামলা, ট্রাম্পের অভিযোগ

নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে সৌদিতে হুথিদের হামলা, ট্রাম্পের অভিযোগ

A+A-
Reset

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর উদ্দেশ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের অবকাঠামোতে হামলা জোরদার করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ট্রাম্পের এক পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর ইরানের উসকানিতে হুথিরা আবারও সক্রিয় হয়ে সৌদি আরবে হামলা চালাচ্ছে। এর উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্ববাজারে তেলের দাম বাড়ানো।

পোস্টে ইরানকে নৌবাহিনী, বিমানবাহিনী ও শক্তিশালী অর্থনীতিবিহীন একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবেও আখ্যায়িত করেন তিনি।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ওপর একধরনের গণভোট হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও নির্বাচনের পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক হামলা আরও বাড়াতে পারেন। হুথিদের কর্মকাণ্ড তিনি কখনো ভুলবেন না বলেও মন্তব্য করেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটিতে জ্বালানি তেলের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে। সাম্প্রতিক এপি-এনওআরসি জনমত জরিপে দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ ভোটার এই যুদ্ধের বিরোধিতা করছেন। তবে ট্রাম্প এসব জরিপকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন।

বিরোধী ডেমোক্রেটিক পার্টি জনঅসন্তোষকে কাজে লাগিয়ে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা করছে। দলটি সংখ্যাগরিষ্ঠতা পেলে ট্রাম্পের আইন প্রণয়নের উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে।

এদিকে, সৌদি আরব ইতোমধ্যে ইয়েমেনের সানা ও হুদাইদাহ শহরের তেল স্থাপনায় হামলা চালিয়ে জবাব দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা