Home আজকের মিল্লাত তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার দাবি ট্রাম্পের

তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার দাবি ট্রাম্পের

A+A-
Reset

গণমাধ্যমে সরকারের গোপন তথ্য ফাঁসকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে গুলি করে হত্যা করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে অ্যারিজোনার বুলহেড সিটিতে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন ট্রাম্প। অতীতে সামরিক অভিযানের সময়সূচি ফাঁসকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার উদাহরণ টেনে তিনি তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিশেষ করে ২০২৫ সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের সময় মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন মিডনাইট হ্যামার’–সংক্রান্ত তথ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএনের মতো সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গণমাধ্যমের প্রতি ক্ষোভ বাড়ে ট্রাম্পের।

ওই প্রতিবেদনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্যের বরাতে দাবি করা হয়েছিল, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি ট্রাম্পের দাবির তুলনায় অনেক কম ছিল। পাশাপাশি ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ট্রাম্পের অভিযোগ, তথ্য ফাঁসকারীরা মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে ফেলেছেন। অভিযানের সময়সূচি ফাঁস হয়ে যাওয়ায় তাঁকে মূল বোমাবর্ষণের অভিযান দুই দিন পিছিয়ে দিতে হয়েছিল বলেও দাবি করেন তিনি।

তথ্য ফাঁসকারীদের ‘জঘন্য অপরাধী’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তাঁদের সারা জীবন কারাগারে রাখা অথবা গুলি করে হত্যা করা উচিত।

তথ্য ফাঁসের উৎস শনাক্ত করতে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে হোয়াইট হাউস ও পেন্টাগনের কর্মকর্তা-কর্মচারীদের পলিগ্রাফ পরীক্ষা এবং নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকদের ওপর সমন জারির বিষয়টি রয়েছে।

এ ছাড়া সাবেক হোয়াইট হাউস কর্মকর্তা অ্যালিসা ফারাহ গ্রিফিন ২০২৪ সালের এক পডকাস্টে জানিয়েছিলেন, ২০২০ সালেও ট্রাম্প তথ্য ফাঁসকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি তুলেছিলেন।

এদিকে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে আবারও দাবি করেছেন ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেন তিনি।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা