Home আজকের মিল্লাত হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের

A+A-
Reset

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক নৌপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এখন যখন এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এসেছে, তখন আমাদের কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত? আমেরিকার মতোই এটি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত হবে।’

ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য এবারই প্রথম নয়। এর আগে গত সপ্তাহে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের জেরে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। এ ছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার ঘোষণা দেন ট্রাম্প।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হুমকি দিয়ে আসছেন ৮০ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট। একপর্যায়ে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি মানচিত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি।

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যেও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ইরান নৌপথটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের দাবি, ইরান নতুন করে হরমুজ প্রণালিতে মাইন পেতে রাখার চেষ্টা করছে। এ অভিযোগের পর মঙ্গলবার মার্কিন বাহিনী প্রণালিটির কাছাকাছি এলাকায় আবারও বিমান হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং তেলের দামও বেড়েছে।

সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা