Home আজকের মিল্লাত রাশিয়ার বদলে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়াচ্ছে তুরস্ক

রাশিয়ার বদলে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়াচ্ছে তুরস্ক

A+A-
Reset

রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের ধারাবাহিক হামলার কারণে সরবরাহে বিঘ্ন ঘটায় বিকল্প উৎস হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি পণ্য আমদানি বাড়াচ্ছে তুরস্ক।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের কাস্টমস বিভাগের তথ্য অনুযায়ী, গত জুনে রাশিয়াকে পেছনে ফেলে দেশটির প্রধান অপরিশোধিত তেল সরবরাহকারী হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। ওই মাসে রাশিয়া থেকে ৪ লাখ ২৫ হাজার টন অপরিশোধিত তেল আমদানি করে তুরস্ক। বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয় প্রায় ৫ লাখ ৭০ হাজার টন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর রুশ তেলের অন্যতম বড় ক্রেতা হিসেবে তুরস্কের অবস্থান তৈরি হলেও সাম্প্রতিক সময়ে মস্কোর ওপর জ্বালানি নির্ভরতা কমানোর চেষ্টা করছে আঙ্কারা।

অপরিশোধিত তেলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ভারত থেকে ডিজেল আমদানিও বাড়িয়েছে তুরস্ক। এর ফলে রাশিয়া থেকে দেশটির মোট জ্বালানি আমদানি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

জ্বালানি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে তুরস্ক প্রতিদিন ভারতীয় পরিশোধনাগারে উৎপাদিত ১ লাখ ২০ হাজার ব্যারেলের বেশি এবং যুক্তরাষ্ট্রে উৎপাদিত প্রায় ৯০ হাজার ব্যারেল ডিজেল আমদানি করছে।

কেপলার ২০১৭ সালে তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে তুরস্কের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ ডিজেল আমদানির রেকর্ড বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলা এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে তুরস্ক বিকল্প উৎসের দিকে ঝুঁকছে। এতে দেশটির জ্বালানি আমদানির বাজারে যুক্তরাষ্ট্র ও ভারতের ভূমিকা আরও বাড়ছে।

সূত্র: মিডল ইস্ট আই

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা