Home আজকের মিল্লাত ১২ অক্টোবর থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

১২ অক্টোবর থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

A+A-
Reset

আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। এ কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারের উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

এ বিষয়ে গত ৮ অক্টোবর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি। চিঠিতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে দেশের মসজিদগুলোতে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় কর্মসূচির বার্তা পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী সব এলাকায় একযোগে খানা বা পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রচারের জন্য পাঠানো বার্তায় জানানো হয়েছে, সরকারের প্রশিক্ষিত কর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সরকারি সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।

বার্তায় পরিবারের প্রকৃত তথ্য দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তথ্য কম বা বেশি করে দেওয়া উচিত নয়। কারণ, ভুল তথ্যের কারণে প্রকৃত অভাবী পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হতে পারে।

এ ছাড়া অর্থের বিনিময়ে ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিলে কাউকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য দিতে কোনো অর্থের প্রয়োজন হবে না বলেও বার্তায় স্পষ্ট করা হয়েছে। এ ধরনের প্রতারণার শিকার হলে প্রয়োজনে ১০৯৮ নম্বরে জানানোর কথা বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা