Home আজকের মিল্লাত ফেসবুক ব্যবহারকারীদের ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা

ফেসবুক ব্যবহারকারীদের ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা

A+A-
Reset

ফেসবুক ব্যবহারকারীদের সুস্পষ্ট সম্মতি ছাড়াই তাদের স্মার্টফোনে সংরক্ষিত ছবি ও ভিডিও সংগ্রহের অভিযোগে মেটাকে ৮৮৭ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১১ হাজার কোটি টাকা) জরিমানা করেছে ইতালি।

শনিবার (১৪ নভেম্বর) ইতালির ডেটা প্রাইভেসি নিয়ন্ত্রক সংস্থা ‘গারান্তে’ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকা ফেসবুক অ্যাপ ব্যবহারকারীদের স্মার্টফোনে সংরক্ষিত ছবি, ভিডিও এবং সেগুলোর সঙ্গে সংশ্লিষ্ট মেটাডেটা অনুমতি ছাড়াই সংগ্রহ করেছে। মূলত ফেসবুক ব্রাউজ করার সময় গ্যালারি থেকে ছবি ও ভিডিও পোস্ট করার পরামর্শ দেওয়ার ক্ষেত্রে এই তথ্য সংগ্রহ করা হতো।

গারান্তের ভাষ্য অনুযায়ী, এ ধরনের কার্যক্রম ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ই-প্রাইভেসি ডিরেক্টিভ এবং ইতালির প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

সংস্থাটি আরও জানায়, ছবি ব্যবহারের ক্ষেত্রে ফেসবুকের সম্মতি নেওয়ার প্রক্রিয়া অত্যন্ত অস্পষ্ট। ফলে ব্যবহারকারীরা সম্মতি দেওয়ার মাধ্যমে ঠিক কী ধরনের অনুমতি দিচ্ছেন, তা পুরোপুরি বুঝতে পারেন না। এ ছাড়া ছবি ও ভিডিও ব্যবহারের পরামর্শ দেওয়ার ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু রাখা হয়েছিল।

গারান্তে জানিয়েছে, মেটাকে জরিমানার অর্থ পরিশোধের পাশাপাশি বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সংস্থাটির ধারণা, এ ঘটনায় ইতালির প্রায় ২ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তবে সংগৃহীত ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত করেনি গারান্তে। মেটা অবশ্য এ ধরনের ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে জরিমানার বিষয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইতালির নিয়ন্ত্রক সংস্থার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটির।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা