Home আজকের মিল্লাত ইসরায়েল-গ্রিস প্রতিরক্ষা চুক্তির মধ্যে এথেন্সে তুরস্কের গোয়েন্দাপ্রধানের গোপন বৈঠক

ইসরায়েল-গ্রিস প্রতিরক্ষা চুক্তির মধ্যে এথেন্সে তুরস্কের গোয়েন্দাপ্রধানের গোপন বৈঠক

A+A-
Reset

ইসরায়েলের সঙ্গে গ্রিসের নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তিকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই গ্রিসের রাজধানী এথেন্সে গোপন বৈঠক করেছেন তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) প্রধান ইব্রাহিম কালিন।

সোমবার (৭ সেপ্টেম্বর) গ্রিক ও তুর্কি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

গ্রিক সংবাদপত্র তা নেয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এথেন্সে গ্রিসের জাতীয় গোয়েন্দা সেবা (ইওয়াইপি) পরিচালক থেমিস্টোক্লিস দেমিরিসের সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নেন ইব্রাহিম কালিন।

বৈঠকে এজিয়ান সাগরের সীমানা, এজিয়ান দ্বীপপুঞ্জের সামরিকীকরণ এবং সাইপ্রাস ইস্যুসহ দুই দেশের দীর্ঘদিনের বিরোধপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও দুই দেশের গোয়েন্দা প্রধানরা মতবিনিময় করেন।

তুরস্ক ও গ্রিসের মধ্যে এজিয়ান সাগরের জলসীমা, দ্বীপপুঞ্জের সামরিকীকরণ এবং সাইপ্রাসসহ বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। এর মধ্যেই দুই দেশের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন এর কয়েক দিন আগেই গ্রিস ও ইসরায়েল ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় ‘অ্যাকিলেস শিল্ড’ নামে একটি বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে গ্রিসকে সহায়তা করবে ইসরায়েল।

ইসরায়েল ও গ্রিসের এই প্রতিরক্ষা সহযোগিতা তুরস্কের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন প্রেক্ষাপটে এথেন্সে তুরস্কের গোয়েন্দাপ্রধানের গোপন বৈঠক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে গুরুত্ব পেয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা