Home সারাদেশ হারিয়ে যাওয়া ঐতিহ্য ফেরাতে নীলফামারীতে লাঠিখেলা

হারিয়ে যাওয়া ঐতিহ্য ফেরাতে নীলফামারীতে লাঠিখেলা

A+A-
Reset

নীলফামারী প্রতিনিধি: গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনা এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠিখেলা। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ডোমার উপজেলা পরিষদ মাঠে যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়।

এতে লাঠিখেলা পরিবেশন করেন জলঢাকা উপজেলার বাঁশদহ একাত্তর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। দলে স্কুলশিক্ষার্থী থেকে শুরু করে মধ্যবয়সী ও প্রবীণ খেলোয়াড়রাও অংশ নেন। ঢোলের তালে লাঠির আঘাত, পাল্টা আক্রমণ ও প্রতিরোধের দৃশ্য দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক।

খেলোয়াড় আবু বক্কর সিদ্দিক বলেন, ক্রিকেট-ফুটবলের তুলনায় লাঠিখেলায় আনন্দের ভিন্ন মাত্রা রয়েছে। এ খেলাকে আরও উন্নত ও জনপ্রিয় করতে সরকারি সহযোগিতা প্রয়োজন।

খেলোয়াড় দুলাল আলী বলেন, লাঠিখেলায় জুয়া বা বাজি ধরার সুযোগ নেই। খেলাটির বিনোদনমূলক দিকও অনেক বেশি। নিজে অংশ নেওয়ার পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরিতেও কাজ করছেন তিনি। তবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে নতুনদের আগ্রহ কমছে।

আরেক খেলোয়াড় আজমগীর ইসলাম বলেন, অন্যান্য খেলার মতো লাঠিখেলাও সরকারি গুরুত্ব ও পৃষ্ঠপোষকতা পাওয়া প্রয়োজন। খেলোয়াড়রা বিভিন্ন পেশায় যুক্ত থাকায় প্রয়োজনীয় সহযোগিতা ছাড়া নিয়মিত অনুশীলন ও চর্চা চালিয়ে যাওয়া কঠিন।

লাঠিখেলা দলের নেতা মো. মশিউর রহমান বলেন, প্রায় ৩২ বছর আগেও এলাকায় লাঠিখেলার ব্যাপক প্রচলন ছিল। সময়ের সঙ্গে মানুষের ব্যস্ততা বেড়েছে, কমেছে খেলাটির চর্চা। নতুন প্রজন্মের মধ্যেও আগ্রহ কম। সরকারি সহযোগিতা পেলে আবারও এ খেলাকে জনপ্রিয় করে তোলা সম্ভব।

খেলা দেখতে আসা শিক্ষার্থী মিতু ও সুমন জানায়, বাড়ির পাশ থেকে মাইকের শব্দ শুনে তারা মাঠে আসে। টানা দেড় ঘণ্টা দাঁড়িয়ে খেলা দেখেও তাদের ক্লান্তি আসেনি। বরং লাঠিখেলা দেখে তারা অনেক আনন্দ পেয়েছে।

দর্শক সাইফুল ইসলাম বলেন, শিশু-কিশোর ও তরুণদের বড় একটি অংশ এখন মোবাইল গেমে আসক্ত। মাঠের খেলাধুলার আয়োজন বাড়ানো গেলে তাদের এ আসক্তি থেকে দূরে রাখা সম্ভব। সরকারি উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা পেলে লাঠিখেলার মতো ঐতিহ্যবাহী খেলাকে আবারও জনপ্রিয় করা যাবে।

আয়োজক কমিটির সভাপতি আলমগীর পারভেজ বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা