Home খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৪

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৪

A+A-
Reset

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলার আলুটিলা পুনর্বাসন এলাকায় বিএনপির কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজন মাটিরাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা এবং মাটিরাঙ্গা পুনর্বাসন এলাকার কুলপাড়ার বাসিন্দা সুমন ত্রিপুরা।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম সুমন বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ যাতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা দিনভর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাঁদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, ঘটনার পরপরই মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া তাঁকে ফোন করে বিষয়টি জানান। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের ২০ থেকে ৩০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালিয়েছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন বলেন, বিএনপির চারজন কর্মী আহত হওয়ার খবর পেয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা