ক্যান্সারের চিকিৎসা শেষে প্রথমবারের মতো বড় পরিসরে বিদেশ সফরে যাচ্ছেন ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত তিন দিনের সফরে ভারতের মুম্বাইয়ে অবস্থান করবেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রিন্স উইলিয়ামের প্রতিষ্ঠিত পরিবেশবিষয়ক মর্যাদাপূর্ণ পুরস্কার ‘আর্থশট প্রাইজ’-এর প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন এই রাজদম্পতি।
২০২৪ সালে কেট মিডলটনের ক্যান্সার শনাক্ত হওয়ার পর তিনি কেমোথেরাপি চিকিৎসা নেন। বর্তমানে তিনি রোগমুক্তির পর্যায়ে থাকলেও চিকিৎসা-পরবর্তী শারীরিক প্রভাব এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। চিকিৎসার পর এটিই তার সবচেয়ে বড় ও দীর্ঘ বিদেশ সফর। এর আগে ২০২৪ সালের পর গত মে মাসে ইতালিতে দুই দিনের সংক্ষিপ্ত সফরে গিয়েছিলেন তিনি।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ও উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ২০২০ সালে ‘আর্থশট প্রাইজ’ প্রতিষ্ঠা করেন প্রিন্স উইলিয়াম। এ উদ্যোগের আওতায় প্রতিবছর পাঁচটি উদ্ভাবনী প্রকল্পকে পুরস্কৃত করা হয়। প্রতিটি প্রকল্পকে বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য দেওয়া হয় ১০ লাখ পাউন্ড করে অনুদান।
কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র জানান, আর্থশট প্রাইজের মূল লক্ষ্য হতাশার পরিবর্তে সম্ভাবনার পথ দেখানো। পরিবেশগত সংকট গুরুতর হলেও তা মোকাবিলায় উদ্ভাবন, সংকল্প ও সৃজনশীলতার কোনো অভাব নেই—বিশ্ববাসীর সামনে এ ইতিবাচক বার্তাই তুলে ধরতে চায় উদ্যোগটি।
আয়োজকদের তথ্যমতে, মুম্বাইয়ে এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হতে যাচ্ছে এ পর্যন্ত সবচেয়ে বড় আয়োজন। এতে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অস্কারজয়ী অভিনেতা রামি মালেকসহ বিভিন্ন অঙ্গনের আন্তর্জাতিক তারকারা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্রিটিশ পপ ব্যান্ড ‘টেক দ্যাট’। ভারতে এটিই হবে ব্যান্ডটির প্রথম সরাসরি পরিবেশনা।
আর্থশট প্রাইজের মূল অনুষ্ঠানের পাশাপাশি তিন দিনের সফরে ভারতীয় ক্রিকেট, ফ্যাশন ও চলচ্চিত্রবিষয়ক বেশ কয়েকটি আয়োজনেও অংশ নেবেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন।