Home আজকের মিল্লাত নতুন পে-স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে না: তথ্য উপদেষ্টা

নতুন পে-স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে না: তথ্য উপদেষ্টা

A+A-
Reset

নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মচারীদের সবার বেতন দ্বিগুণ হবে—বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নতুন পে-স্কেলের কারণে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, বিপুলসংখ্যক মানুষের বেতন বাড়লে মূল্যস্ফীতির কিছুটা ঝুঁকি তৈরি হতে পারে। তবে নতুন বেতন কাঠামোয় সবার বেতন দ্বিগুণ হবে না।

তথ্য উপদেষ্টা বলেন, দীর্ঘদিন নতুন বেতন স্কেল না হওয়ায় অনেক সরকারি কর্মচারীর নিয়মিত ইনক্রিমেন্টের ফলে বর্তমান বেতন নতুন স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে। ফলে নতুন বেতন কাঠামো কার্যকর হলেও অনেকের বেতন প্রত্যাশিত হারে বাড়বে না।

তিনি বলেন, নতুন স্কেলে কোথাও বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ার বিষয়টি দেখে মনে হতে পারে সবার বেতন দ্বিগুণ হয়ে যাবে। বাস্তবে তা নয়। বিশেষ করে জ্যেষ্ঠ অনেক কর্মচারী নিয়মিত ইনক্রিমেন্টের কারণে ইতোমধ্যে নতুন স্কেলের প্রস্তাবিত বেতনের কাছাকাছি পর্যায়ে রয়েছেন।

এ সময় দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, লোডশেডিং নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশের চেষ্টা করা হচ্ছে। জ্বালানি পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে অনেক আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই বর্তমান লোডশেডিংয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ঢাকার বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীবাসী এমন মাত্রার লোডশেডিংয়ের মুখোমুখি হচ্ছেন, যা অতীতে তুলনামূলকভাবে কম দেখা গেছে। আগে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে গ্রামাঞ্চলে বেশি লোডশেডিং দেওয়া হতো। তবে বর্তমান সরকার বিদ্যুৎ সংকটের চাপ সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশে অতীতেও লোডশেডিং ছিল উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার ও পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের যে দাবি করা হয়েছিল, বাস্তবে তখন কতটা লোডশেডিং হয়েছে, সেই তথ্যও প্রকাশ করা হবে।

 

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা