Home আজকের মিল্লাত প্রিজনভ্যানের চাবি ছিনিয়ে তালা খুলে পালান ‘পিচ্চি রাজা’, গ্রেপ্তার ৩

প্রিজনভ্যানের চাবি ছিনিয়ে তালা খুলে পালান ‘পিচ্চি রাজা’, গ্রেপ্তার ৩

A+A-
Reset

ফারুক আহমদ, (স্টাফ রিপোর্টার) :

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যান থেকে আলোচিত আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’র পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তদন্তকারীরা। তাদের দাবি, প্রিজনভ্যানের ইনচার্জ ও চালকের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে তালা খুলে পালিয়ে যান ওই আসামি।

এ ঘটনায় দায়িত্বে গাফিলতি ও সহযোগিতার অভিযোগে প্রিজনভ্যানের ইনচার্জ, চালক ও পলাতক আসামির বোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাতে ঢাকার জেলা জজ আদালত থেকে ২৯ জন বন্দিকে নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা দেয় একটি প্রিজনভ্যান। পথে ঢাকার তাঁতীবাজার এলাকার একটি পেট্রল পাম্পের কাছে ভ্যানটি থামানো হয়।

সেখানে অবস্থানকালে প্রিজনভ্যানের ইনচার্জ এসআই প্রবীর কুমার বিশ্বাস ও চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে কৌশলে গাড়ির চাবি নিয়ে নেন পিচ্চি রাজা ও তার এক সহযোগী আসামি। পরে তারা চাবি দিয়ে ভ্যানের তালা খুলে বেরিয়ে আসেন।

অন্য আসামিদের পুনরায় প্রিজনভ্যানে তোলা হলেও সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যান পিচ্চি রাজা।

ঘটনার পর গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করা হয়। পরে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দক্ষিণ বিভাগকে।

ডিবির তদন্তে পাওয়া তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে প্রিজনভ্যানের ইনচার্জ এসআই প্রবীর কুমার বিশ্বাস, চালক নায়েক কামাল হোসেন এবং পলাতক আসামির বোন তাসলিমাকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশ জানিয়েছে, পলাতক আসামি পিচ্চি রাজাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, গ্রেপ্তার ব্যক্তিদের ভূমিকা ও পুরো ঘটনার বিস্তারিত জানাতে আজ গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) মিডিয়া সেলে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ব্রিফিংয়ে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা