Home আজকের মিল্লাত সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

A+A-
Reset

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে দেশের সব জেলায় মাস্টারপ্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে। পাশাপাশি শহরের ওপর মানুষের অতিরিক্ত চাপ কমাতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা বাংলাদেশের মতো জনবহুল দেশের জন্য সহজ নয়। তবে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, শহরাঞ্চলে স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি মানুষ বসবাস করছে। তাই নগরগুলোতে নিরাপদ বাসস্থান নিশ্চিতের পাশাপাশি পরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি। সবার জন্য টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে। মৌলিক সেবাসমৃদ্ধ জীবন ও নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য কোনো নির্দিষ্ট এলাকার উন্নয়ন নয়; বরং বিকেন্দ্রীকরণ ও আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে সবার কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া।

সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি নানা চ্যালেঞ্জ তৈরি করলেও দ্রুততম সময়ে সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান তিনি। তবে সরকারের একার পক্ষে সবার জন্য আবাসন নিশ্চিত করা সম্ভব নয় উল্লেখ করে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ব্লকভিত্তিক আবাসন গড়ে তোলা, খেলার মাঠ সংরক্ষণ এবং নির্ধারিত জোনে শিল্পাঞ্চল স্থাপনে বেসরকারি খাতকে উৎসাহিত করা হচ্ছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এবারের আলোচনা সভার প্রতিপাদ্য—‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।

জাতিসংঘ ১৯৮৫ সালে অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। বিশ্বজুড়ে নিরাপদ নগর ও মানসম্মত বাসস্থান সম্পর্কে সচেতনতা বাড়াতে ১৯৮৬ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা