Home আজকের মিল্লাত প্রকাশ্যে বিরোধিতা, আড়ালে সমর্থন চেয়েছিলেন নেতানিয়াহু: আরব এমপির বিস্ফোরক দাবি

প্রকাশ্যে বিরোধিতা, আড়ালে সমর্থন চেয়েছিলেন নেতানিয়াহু: আরব এমপির বিস্ফোরক দাবি

A+A-
Reset

প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট বা সহযোগিতার বিরোধিতা করলেও আড়ালে সরকার গঠনে তাদের সমর্থন চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন দেশটির পার্লামেন্ট নেসেটের আরব জয়েন্ট লিস্টের সংসদ সদস্য আহমাদ তিবি।

শুক্রবার (১৩ নভেম্বর) এক বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। নিজের দাবির পক্ষে নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো ব্যক্তিগত বার্তার কথাও তুলে ধরেন তিবি। এ অভিযোগকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে আহমাদ তিবি অভিযোগ করেন, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিকল্প সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর পক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ করা হয়েছিল।

তিবির দাবি, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিন এবং ফল প্রকাশের পরও নেতানিয়াহুর ব্যক্তিগত উপদেষ্টা নাতান এশেল তাকে বার্তা পাঠিয়েছিলেন। সাক্ষাৎকারে নিজের মুঠোফোনে থাকা কয়েকটি বার্তা ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি। তবে ছবির মান অস্পষ্ট হওয়ায় দর্শকদের পক্ষে বার্তাগুলোর লেখা স্পষ্টভাবে পড়া সম্ভব হয়নি।

আহমাদ তিবির অভিযোগ, এসব গোপন যোগাযোগ নেতানিয়াহুর প্রকাশ্য রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিগত তৎপরতার মধ্যে দ্বিচারিতা তুলে ধরে। প্রকাশ্যে আরব দলগুলোর সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতার বিরোধিতা করলেও রাজনৈতিক স্বার্থে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছে ক্ষমতাসীন লিকুদ পার্টি।

সাধারণত ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আনেন না উল্লেখ করে তিবি বলেন, নেসেটে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পরই তিনি নিজের অবস্থান পরিবর্তন করে এসব তথ্য প্রকাশ করতে বাধ্য হয়েছেন।

সাক্ষাৎকারে নেতানিয়াহুকে উদ্দেশ করে তিবি বলেন, ‘আপনি ভণ্ড। নির্বাচনের এক সপ্তাহ আগে, নির্বাচনের পরদিন এবং ফল প্রকাশের পরও আপনি আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছেন।’

তিবি আরও দাবি করেন, নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রী চলতি সপ্তাহেও তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই মন্ত্রী তাকে গাদি আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিতে এবং নতুন নির্বাচনের পক্ষে অবস্থান নিতে অনুরোধ করেন।

তিবির ভাষ্য অনুযায়ী, ওই মন্ত্রী তাকে বলেছিলেন, ‘তাদের বিশ্বাস করবেন না, তারা আপনাদের নেবে না। বরং আমাদের আবার নির্বাচনে যাওয়াই ভালো।’

অন্যদিকে, আহমাদ তিবির সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি। চ্যানেল ১২-কে দেওয়া প্রতিক্রিয়ায় দলটি অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে।

লিকুদ পার্টির দাবি, আরব রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখানো এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করে—এমন দলগুলোর সঙ্গে লিকুদ কোনো ধরনের সহযোগিতা করে না বলেও জানিয়েছে দলটি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা