Home আজকের মিল্লাত নেপালের ভয়াবহ বন্যায় ৩০০ ভারতীয় নিখোঁজ

নেপালের ভয়াবহ বন্যায় ৩০০ ভারতীয় নিখোঁজ

A+A-
Reset

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিখোঁজ হাজারো মানুষের মধ্যে অন্তত ৩০০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। নিখোঁজদের বেশিরভাগই কৈলাস-মানসরোবর যাত্রার তীর্থযাত্রী বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এ তথ্য জানিয়েছেন।

কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘এনডিটিভি ওয়ার্ল্ড অন্বেষা সামিট’-এ বক্তব্য দেওয়ার সময় নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানান, ভয়াবহ এ দুর্যোগে রসুয়া অঞ্চলে এ পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। কয়েক ঘণ্টার ব্যবধানে ওই অঞ্চলের একাধিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

শিশির খানাল বলেন, ক্ষতিগ্রস্ত রসুয়া অঞ্চলটি কৈলাস-মানসরোবর যাত্রার অন্যতম প্রধান পথ হওয়ায় সেখানে ভারতীয়সহ বিভিন্ন দেশের বহু পর্যটক ও তীর্থযাত্রী অবস্থান করছিলেন। নিখোঁজ ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। একই সঙ্গে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভয়াবহ এই দুর্যোগের পর দ্রুত ত্রাণ ও সহায়তা পাঠানোয় ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নেপাল। বর্তমানে উদ্ধার অভিযান ও জরুরি ত্রাণ সরবরাহকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নেপালের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা