Home আজকের মিল্লাত তুরস্কে ১২ দিনের ব্যবধানে আবারও সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

তুরস্কে ১২ দিনের ব্যবধানে আবারও সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

A+A-
Reset

১২ দিনের ব্যবধানে আবারও সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে তুরস্কে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রশিক্ষণ উড্ডয়নের সময় দেশটির বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে বিমান বাহিনীর হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। এতে থাকা পাঁচ সেনা সদস্যের সবাই নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএস-৫৩২ কুগার সিরিজের। ফ্রান্সের তৈরি এই মডেলের হেলিকপ্টার মূলত সেনা পরিবহনের কাজে ব্যবহৃত হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলের মধ্যবর্তী এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ পর প্রদেশের তেপেবাসী জেলায় একটি খোলা তৃণভূমিতে এটি বিধ্বস্ত হয়।

তুরস্কের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থলের বিস্তীর্ণ খোলা প্রান্তরে জরুরি সেবার যানবাহন দেখা গেছে।

তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে এস-৭০ সিরিজের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা চার সেনা সদস্যের সবাই নিহত হন। মাত্র ১২ দিনের ব্যবধানে দেশটিতে দ্বিতীয়বারের মতো সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটল। আগের দুর্ঘটনার কারণও এখন পর্যন্ত জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটির সেনারা মোতায়েন রয়েছেন।

এদিকে, ২০২৪ সালে তুরস্কের সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু হয়। এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘদিনের কুর্দি বিদ্রোহের অবসান ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে তুরস্কের নিজ ভূখণ্ডে আর কোনো সংঘাত চলছে না।

সূত্র: এএফপি, এনডিটিভি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা