Home আজকের মিল্লাত মোদি সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার অভিযোগ এইচআরডব্লিউর

মোদি সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার অভিযোগ এইচআরডব্লিউর

A+A-
Reset

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার মানবাধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করে ফেলছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত ৯৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে এ অভিযোগ তুলে ধরেছে সংস্থাটি। ‘সো হোয়াটস দিস ডেমোক্রেসি উই আর টকিং অ্যাবাউট?: মোদিস অথরিটারিয়ান প্লেবুক ইন ইন্ডিয়া’ শীর্ষক প্রতিবেদনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবক্ষয় এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি দমন-পীড়ন, দুর্নীতি এবং ভোটার তালিকা সংশোধনের ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার প্রতিবাদে ভারতের নাগরিকেরা ক্রমেই রাজপথে নামছেন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার সংসদীয় রীতিনীতি উপেক্ষা করছে, রাজনৈতিক বিরোধীদের দমন করছে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

এ ছাড়া নির্বাচন কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, দুর্নীতিবিরোধী ন্যায়পাল ও মানবাধিকার কমিশনের মতো সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার পাশাপাশি বিচার বিভাগেও হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪০ জনের বেশি আইনজীবী, সাংবাদিক, অধিকারকর্মী, গবেষক, শিক্ষাবিদ, বর্তমান ও সাবেক বিচারক এবং সাবেক সরকারি কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে এইচআরডব্লিউ।

প্রতিবেদন প্রকাশের পর সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, ‘গত এক দশকে মোদি সরকার ভারতের স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে। অথচ নির্বাহী ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং নাগরিক স্বাধীনতা সুরক্ষায় এসব প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার আইনের শাসন ক্ষুণ্ন করেছে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদকে উৎসাহিত করেছে। এর ফলে মানবাধিকারের সুরক্ষা সংকুচিত হয়েছে, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার খর্ব হয়েছে এবং ভারতে কর্তৃত্ববাদী প্রবণতা আরও গভীর হয়েছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে মোদি প্রশাসন প্রায়ই সংসদীয় তদারকি ব্যবস্থা উপেক্ষা করেছে। ২০২৩ সালের ডিসেম্বরে সরকার এমন একটি আইন পাস করে, যার মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত হয়। একই সঙ্গে দায়িত্ব পালনকালে নেওয়া পদক্ষেপ, সিদ্ধান্ত বা বক্তব্যের জন্য তাঁদের ব্যাপক আইনি দায়মুক্তি দেওয়া হয়।

সংসদের উভয় কক্ষ থেকে পুরো অধিবেশনের জন্য নজিরবিহীনসংখ্যক বিরোধী সদস্যকে সাময়িক বরখাস্ত রাখার মধ্যেই আইনটি পাস করা হয়। এ সময় লোকসভা থেকে ১০০ জন এবং রাজ্যসভা থেকে ৪৬ জন বিরোধী সদস্য সাসপেন্ড ছিলেন।

২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিল না। সাধারণত কোনো বিল আইনে পরিণত হতে হলে সংসদের উভয় কক্ষের অনুমোদন প্রয়োজন হয়। তবে অর্থসংক্রান্ত নির্দিষ্ট কিছু বিষয় লোকসভায় ‘অর্থ বিল’ হিসেবে উত্থাপন করা যায়, যার ক্ষেত্রে রাজ্যসভার অনুমোদন বাধ্যতামূলক নয়। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, মৌলিক অধিকারের ওপর গুরুতর প্রভাব ফেলে এমন আইনও অর্থ বিলের আওতায় না পড়লেও মোদি সরকার এই কৌশল ব্যবহার করে পাস করিয়েছে।

এর উদাহরণ হিসেবে ২০১৯ সালে অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ) সংশোধনের বিষয়টি তুলে ধরেছে এইচআরডব্লিউ। ওই সংশোধনীর মাধ্যমে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ক্ষমতা ব্যাপকভাবে বাড়ানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষ, অধিকারকর্মী ও সমালোচকদের লক্ষ্যবস্তু করতে সংস্থাটিকে ব্যবহার করা হয়েছে। অথচ ইডির ক্ষমতা বৃদ্ধির বিষয়টি অর্থ বিলের নির্ধারিত মানদণ্ডের আওতায় পড়ে না।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ঘৃণামূলক বক্তব্য দেওয়ার পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির জ্যেষ্ঠ নেতাদের জবাবদিহির আওতায় আনতে কমিশন বারবার ব্যর্থ হয়েছে।

এ ছাড়া ভোটার তালিকায় কারচুপি, ভোটের তথ্য গোপন, ভোট গণনায় অনিয়ম এবং ভোটযন্ত্রে হস্তক্ষেপের অভিযোগের বিশ্বাসযোগ্য তদন্ত করতেও কমিশন ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগ তুলেছেন ভোটার, অধিকারকর্মী, শিক্ষাবিদ ও রাজনৈতিক দলগুলো।

নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠায় নির্বাচন কমিশন বর্তমানে বিশ্বাসযোগ্যতার সংকটে রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৫ সালের জুনে মৃত, দ্বৈত ও অযোগ্য ভোটারদের বাদ দেওয়ার উদ্দেশ্যে ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নির্বিচারে ১৩ কোটিরও বেশি নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এর জেরে ২০২৬ সালের অক্টোবরে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর নেতাদের দলত্যাগ করে বিজেপিতে যোগ দিতে বাধ্য করার ক্ষেত্রেও কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।

সরকারি তথ্যের বরাত দিয়ে এতে বলা হয়, অর্থ পাচারবিরোধী আইন সংশোধনের পর ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইডি ১৯৩ জন রাজনীতিবিদের বিরুদ্ধে মামলা করেছে। তাঁদের অধিকাংশই বিরোধী দলের নেতা। এর আগে মোদি সরকারের প্রথম দশকে মাত্র ২৬ জন রাজনীতিবিদের বিরুদ্ধে তদন্ত হয়েছিল। অর্থাৎ এ ধরনের তদন্ত ও মামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত রাজনীতিকেরা বিজেপিতে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে চলমান তদন্ত দ্রুত স্থগিত করা হয় অথবা অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়। এ কারণে বিরোধী দলগুলো বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়ে থাকে।

২০১৪ সাল থেকে মোদি সরকার বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) এবং আর্থিক অনিয়মসংক্রান্ত অন্যান্য আইনের আওতায় দেশি-বিদেশি মানবাধিকার সংস্থা, আইনজীবী, অধিকারকর্মী ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করতে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর ব্যবহার বাড়িয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষার্থী, শান্তিপূর্ণ বিক্ষোভকারী, শিক্ষাবিদ ও সমালোচকদের কারাগারে পাঠাতে সন্ত্রাসবিরোধী আইন ‘আনলফুল অ্যাক্টিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্ট’ (ইউএপিএ) অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। অনেক ক্ষেত্রে বিচার ছাড়াই তাঁদের বছরের পর বছর আটক রাখা হচ্ছে।

মৌলিক স্বাধীনতা সুরক্ষায় ভারতের আদালতগুলোর ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেছে এইচআরডব্লিউ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে সুপ্রিম কোর্ট অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় তদন্ত সংস্থাগুলোর গ্রেপ্তার, তল্লাশি ও জব্দ করার ক্ষমতা অনুমোদন ও সম্প্রসারণ করেন। আইন বিশেষজ্ঞরা ওই রায়কে জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার খর্বকারী হিসেবে সমালোচনা করেছিলেন।

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনগুলোর শুনানি বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের মে মাসে ভোটার তালিকা থেকে লাখ লাখ নাম বাদ পড়ার পরও আদালত মন্তব্য করেন, প্রাপ্ত তথ্য ‘পদ্ধতিগত ভোটাধিকার হরণের’ ইঙ্গিত দেয় না।

এর আগে এপ্রিলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ৯০ লাখ নাম বাদ দেওয়া হয়, যা রাজ্যটির মোট ভোটারের প্রায় ১২ শতাংশ। এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণ ছিল, পরবর্তী সময়ে তালিকায় নাম যুক্ত করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওই সময় ভোট দিতে না পারার বিষয়টি গ্রহণযোগ্য। এর কিছুদিন পরই পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসে বিজেপি। তবে বিক্ষোভের মুখে নভেম্বর নাগাদ নির্বাচন কমিশন নির্বিচারে নাম বাদ দেওয়ার কিছু সিদ্ধান্ত প্রত্যাহার করতে শুরু করে।

এইচআরডব্লিউর মতে, গত এক দশকে মোদি প্রশাসনের এসব কর্মকাণ্ড বিচ্ছিন্ন কোনো প্রাতিষ্ঠানিক ব্যর্থতা নয়; বরং এগুলো একটি বৃহত্তর কর্তৃত্ববাদী কৌশলের অংশ। দুর্বল বিরোধী দলের পক্ষে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ জোরদারকারী আইন প্রতিরোধের সুযোগ সীমিত হয়ে পড়েছে। অন্যদিকে, রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের পরিচালিত কেন্দ্রীয় ও রাজ্য মানবাধিকার কমিশনগুলো নাগরিক সমাজের কণ্ঠরোধ ঠেকাতে যথাযথ ভূমিকা রাখতে পারছে না। আদালতও সময়মতো কার্যকর প্রতিকার দিতে ব্যর্থ হওয়ায় এসব অপব্যবহার অব্যাহত রয়েছে।

ভারতের মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চপর্যায়ের বৈঠক ও কূটনৈতিক যোগাযোগ, জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও নিরাপত্তা চুক্তির আলোচনায় ভারতের মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবনতির বিষয়টি প্রকাশ্যে ও গোপনে তুলে ধরা উচিত।

ইলেইন পিয়ারসন বলেন, ‘ভারতের গণতান্ত্রিক অবক্ষয় রোধ করতে হলে সরকারের সমালোচকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। একই সঙ্গে সবার অধিকার রক্ষার ঢাল হিসেবে এসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করতে হবে। স্বাধীন প্রতিষ্ঠানগুলোর ওপর আক্রমণ বন্ধ এবং নির্বাহী ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ ও ভারসাম্য ফিরিয়ে আনতে ভারতের মিত্রদের উচিত মোদি সরকারের ওপর চাপ সৃষ্টি করা।’

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা