Home আজকের মিল্লাত যন্তর মন্তরের বদলে ৩ স্থান, দিল্লিতে আন্দোলনকারীদের নতুন সংকট

যন্তর মন্তরের বদলে ৩ স্থান, দিল্লিতে আন্দোলনকারীদের নতুন সংকট

A+A-
Reset

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল করে তিনটি বিকল্প স্থান নির্ধারণ করায় নতুন সংকটে পড়েছেন আন্দোলনকারীরা। দূরত্ব, উচ্চ বুকিং ফি এবং জায়গা পাওয়ার অনিশ্চয়তার কারণে প্রতিবাদ কর্মসূচি আয়োজন কঠিন হয়ে উঠছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিকল্প হিসেবে নির্ধারিত রামলীলা ময়দান, সিবিডি ময়দান ও বুরারি ময়দানে আন্দোলন আয়োজনের ক্ষেত্রে আলাদা আলাদা সমস্যা রয়েছে। এসব জটিলতার কারণে বিশেষ করে ছোট সংগঠনগুলোর পক্ষে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা কঠিন হয়ে পড়তে পারে।

লুটিয়েন্স দিল্লির কাছাকাছি অবস্থিত ১২ একরের রামলীলা ময়দানে আন্দোলন করতে প্রতিদিন ৫০ হাজার রুপি বুকিং ফি দিতে হবে। পাশাপাশি জমা দিতে হবে অফেরতযোগ্য ৫৫ হাজার রুপি জামানত।

মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লির (এমসিডি) এক কর্মকর্তা জানান, পুরো ময়দান একসঙ্গে বুকিং করতে হয়। ফলে ছোট সংগঠনগুলোর জন্য সেখানে কর্মসূচি আয়োজন অত্যন্ত ব্যয়বহুল। এ ছাড়া উৎসবের মৌসুমে মাঠটি পাওয়ার ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা তৈরি হতে পারে।

অন্যদিকে, শাহদারায় অবস্থিত ১২ একরের সিবিডি ময়দানটি বাণিজ্যিক ও আবাসিক এলাকা, শপিং মল এবং হোটেল দিয়ে ঘেরা। ফলে সেখানে যানজটের আশঙ্কা রয়েছে এবং প্রতিবাদ কর্মসূচির উপযুক্ত পরিবেশ তৈরি করাও কঠিন হতে পারে।

উত্তর-পশ্চিম দিল্লির ৫০ একরের বুরারি ময়দানটি যন্তর মন্তর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত। এই দূরত্বের কারণে জায়গাটিকে ‘খোলা জেলখানা’ হিসেবে অভিহিত করেছেন আন্দোলনকারীরা। তাঁদের মতে, সেখানে কর্মসূচি আয়োজন করলে গণমাধ্যম ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা কঠিন হবে।

লেখক ও নগর গবেষক সোহেল হাশমি বলেন, আন্দোলনের কেন্দ্রকে ক্ষমতার কেন্দ্র থেকে এত দূরে সরিয়ে দেওয়ার ফলে সাধারণ মানুষের সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরার সুযোগ সীমিত হয়ে পড়ছে।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের সামনে প্রতিবাদ কর্মসূচি আয়োজনের উদাহরণ টেনে তিনি এ সিদ্ধান্তের সমালোচনা করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা