ইয়েমেনের হুথি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার দাবির পর সৌদি আরবের আকাশসীমায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে ইত্তিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে স্থানীয় সময় হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করে।
রিয়াদে অবস্থানরত এক পশ্চিমা কর্মকর্তা পুরো শহরজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের দৃশ্য ছড়িয়ে পড়েছে। তবে হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ইত্তিহাদ এয়ারওয়েজ আবুধাবি থেকে রিয়াদ, জেদ্দা ও দাম্মামগামী সব ফ্লাইট আগামী ১৯ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে।
একই সঙ্গে কাতার এয়ারওয়েজও রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিমান চলাচল ব্যাহত হওয়ায় দেশটির আকাশপথের যোগাযোগ এবং অর্থনৈতিক কার্যক্রমের ওপর চাপ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সংঘাতের বিস্তার সৌদি আরবের অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী তৎপরতার প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।
এদিকে ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার চেষ্টা করা একটি সুপারট্যাংকারে তারা আঘাত হেনেছে। দুই দিনের ব্যবধানে জলযানে এটি তৃতীয় হামলার ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই