Home বিশ্ব পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, ঘুমের মধ্যেই প্রাণ গেল ৬ পুণ্যার্থীর

পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, ঘুমের মধ্যেই প্রাণ গেল ৬ পুণ্যার্থীর

A+A-
Reset

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতরা শ্রাবণ মাসের পূজা দিতে তারাপীঠে যাওয়া পুণ্যার্থী বলে জানা গেছে।

সোমবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিকে তারাপীঠ মন্দিরের সামনে অবস্থিত ‘বিদেশিনী’ হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে শিশুও ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে।

আগুন ও ঘন ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন অতিথি কক্ষের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দমকলের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ভবনের ওপরের তলাগুলোতেও ধোঁয়া ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়।

হোটেলটির মালিক কল্যাণ পাল জানান, রাতে পাহারার দায়িত্বে থাকা কর্মীরা আগুন দেখতে পেয়ে অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু ততক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

উদ্ধার করা আহতদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কথা বলা হলেও তদন্ত শেষে আগুনের সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

 

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা