Home আজকের মিল্লাত তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে মিসরও, ইঙ্গিত এরদোয়ানের

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে মিসরও, ইঙ্গিত এরদোয়ানের

A+A-
Reset

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ভবিষ্যতে জোটটি আরও সম্প্রসারিত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

আল জাজিরার ‘আল মুকাবালা’ অনুষ্ঠানের জন্য দেওয়া একান্ত সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, চুক্তির কোনো সদস্য রাষ্ট্র বাইরের কোনো পক্ষের সশস্ত্র হামলার শিকার হলে তিন দেশ সমন্বিতভাবে প্রতিক্রিয়া জানাবে। ভবিষ্যতে অন্য দেশগুলোকেও এই প্রতিরক্ষা কাঠামোর আওতায় আনার সুযোগ রয়েছে। সম্ভাব্য সদস্যদের তালিকায় মিসরের নামও রয়েছে বলে জানান তিনি।

‘মক্কা প্যাক্ট’ নামে পরিচিত চুক্তিটি গত শুক্রবার পবিত্র মক্কা নগরীতে স্বাক্ষর করেন এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এ কারণে কয়েকজন বিশ্লেষক এই প্রতিরক্ষা কাঠামোকে ন্যাটোর আর্টিকেল ৫-এর সঙ্গে তুলনা করেছেন।

তবে পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, মক্কা প্যাক্টকে ন্যাটোর সমতুল্য হিসেবে দেখা ঠিক হবে না। একই সঙ্গে তারা স্পষ্ট করেছেন, এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশ বা পক্ষকে লক্ষ্য করে করা হয়নি।

সাক্ষাৎকারে আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন এরদোয়ান। হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, প্রণালিটি পুনরায় খুলে দেওয়া আঙ্কারার অন্যতম অগ্রাধিকার। হরমুজ বন্ধ থাকা কোনো পক্ষেরই স্বার্থে নয় বলেও মন্তব্য করেন তিনি।

সিরিয়া, গাজা ও লেবাননের চলমান সংঘাত নিয়েও কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। আঞ্চলিক সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা ও মধ্যস্থতায় কাতারের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন তিনি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা