ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বরাক নদীতে নিখোঁজ হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কনস্টেবল। সোমবার (২৩ নভেম্বর) ভোরে নদীতে নামার পর নিখোঁজ হন কে ভেনু নামের ওই সদস্য। মঙ্গলবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কাছাড় জেলার হরিনগর বর্ডার আউটপোস্টে (বিওপি) মোতায়েন ছিলেন কনস্টেবল কে ভেনু ও হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব। চার থেকে পাঁচজন গরু চোরাকারবারির অবস্থানের খবর পেয়ে তারা সেখানে যান।
বিএসএফ সদস্যদের ধাওয়া খেয়ে চোরাকারবারিরা বরাক নদীতে ঝাঁপ দিলে তাদের পিছু নিতে দুই সদস্যও নদীতে নামেন। একপর্যায়ে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও কনস্টেবল কে ভেনু নিখোঁজ হন।
কাছাড়ের পুলিশ সুপার পার্থপ্রতীম দাস জানান, সোমবার সকালে বিএসএফের কোম্পানি কমান্ডার বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে স্টেট ডিজাস্টার রেসপন্স টিম (এসডিআরএফ), জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে অভিযান চালিয়েও নিখোঁজ কনস্টেবলের সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার স্থানীয় কয়েকজনের দাবি, নিখোঁজ বিএসএফ সদস্যকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ দাবি সম্পর্কে বিএসএফের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: হিন্দুস্তান টাইমস