ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বন্ধু হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রিধিকার মরদেহ উদ্ধারের ঘটনায় তার মা বাদী হয়ে শনিবার হাসিবুর রহমানকে একমাত্র আসামি করে ভাটারা থানায় মামলা করেন। মামলায় তাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
ওসি মাজহারুল ইসলাম বলেন, ঘটনার দিন হাসিবুর রিধিকাকে দেখতে তার বাসায় এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আত্মহত্যার আগে হাসিবুরের সঙ্গে তার কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল।
পরে রিধিকাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, ঘটনার সময় রিধিকা হাসিবুরের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও তার মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটকেও অভিনয় করেছেন রিধিকা। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।