মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরি পাঠালেও ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘অনন্ত যুদ্ধে’ পরিণত হতে দেওয়া হবে না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মঙ্গলবার (১৭ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, কোনো অনির্দিষ্টকালের যুদ্ধে জড়িয়ে না পড়েই প্রশাসন তার নির্ধারিত লক্ষ্য অর্জন করবে।
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে ইরানে আরও সামরিক হামলা চালানোর ইঙ্গিত দেওয়া এবং যুদ্ধ ‘কার্যত শেষ’ বলে দাবি করার মধ্যে দোদুল্যমান অবস্থানে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র গত ৪৭ বছর ধরে ইরানের মোকাবিলা করছে এবং গত সাত মাস ধরে কোনো না কোনোভাবে এই সংঘাতের সঙ্গে জড়িত রয়েছে। এর আগে গত মে মাসেও তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন ট্রাম্প।
অন্য এক ব্রিফিংয়ে ভ্যান্স বলেন, তিনি এই পরিস্থিতিকে ‘যুদ্ধ’ বলতে চান না এবং এ বিষয়ে কোনো ‘কৃত্রিম সময়সীমা’ নির্ধারণ করবেন না। তবে তার এই বক্তব্য ট্রাম্পের প্রকাশ্যে ‘যুদ্ধ’ শব্দটি ব্যবহারের সঙ্গে সাংঘর্ষিক।
সমর্থকেরা সংঘাতের লক্ষ্য সীমিত বলে দাবি করলেও সমালোচকেরা বলছেন, দীর্ঘদিন ধরে ‘অনন্ত যুদ্ধের’ বিরোধিতা করে আসা ট্রাম্প ও ভ্যান্সের অবস্থানের সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল নেই। ওয়াশিংটন এক্সামিনারের এক বিশ্লেষণেও বলা হয়েছে, ইরান সংঘাত ট্রাম্পের প্রাথমিক প্রতিশ্রুতির চেয়ে অনেক বেশি দীর্ঘায়িত হয়েছে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক নির্বাচনের ফলাফলের পর ইরান সংঘাত নিয়ে প্রকাশ্যে ট্রাম্পের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন ভ্যান্স। অন্যদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে কোনো চুক্তির প্রয়োজন নেই।
এপি আরও জানিয়েছে, ইরানকে ঘিরে পরবর্তী সামরিক পদক্ষেপের বিকল্প খোলা রাখতে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে সোমবার (১৬ নভেম্বর) তৃতীয় একটি মার্কিন বিমানবাহী রণতরি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এদিকে সংঘাতের অষ্টম মাসে গড়ানোর প্রেক্ষাপটে মার্কিন নৌবাহিনী ইরানি জাহাজ চলাচলের ওপর অবরোধ অব্যাহত রেখেছে।
সূত্র: গালফ নিউজ