অনলাইন পোর্টাল খুলে অন্য গণমাধ্যমের সংবাদ কপি করার প্রবণতার তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপতথ্য ছড়ানো, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ এবং ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করার প্রবণতা নিয়ে সরকারের অবস্থান জানতে চান এক সাংবাদিক।
জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে অনেকেই অনলাইন পোর্টাল খুলে অন্য গণমাধ্যম থেকে সংবাদ কপি করছেন, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। তিনি বলেন, ‘আমরা এটুকু নিশ্চিত করছি, অনিবন্ধিত কোনো প্রতিষ্ঠান কাজ করতে পারবে না। এ বিষয়ে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও এ ধরনের অনেক প্রতিষ্ঠান রয়েছে। সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এভাবে চলতে পারে না।’
এ সময় নিবন্ধনের জন্য আবেদন করা অনেক অনলাইন পোর্টালের পুলিশ ভেরিফিকেশন, বিশেষ শাখা (এসবি) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যাচাই-বাছাই শেষ না হওয়ায় প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার বিষয়টি তুলে ধরেন সাংবাদিকরা।
জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, নিবন্ধনের আবেদন করা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কিছুটা প্রক্রিয়াগত বিলম্ব হচ্ছে। বিষয়টি নিয়ে সম্প্রতি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন তিনি। যোগ্য প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন পেতে বেশি সময় লাগবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
গণমাধ্যমের জন্য নতুন নীতিমালা প্রণয়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে তথ্যমন্ত্রী গতকাল সংসদে কথা বলেছেন। নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। এ জন্য বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
তিনি বলেন, ‘একটি নীতিমালা আসছে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। তবে এটি চূড়ান্ত হতে আরও কিছুটা সময় লাগবে।’