Home আজকের মিল্লাত আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

A+A-
Reset

আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, যুবসমাজকে ধ্বংস করতেই এ ষড়যন্ত্র করা হচ্ছে, যাতে বাংলাদেশ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, বর্তমানে শতকরা ১৫ থেকে ২০ ভাগ যুবক অনলাইন ক্যাসিনো ও মাদকে জড়িয়ে পড়েছে। ক্যাসিনো জুয়ার মাধ্যমে প্রতিবছর পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশে মাদক আসছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘এটি যুবসমাজকে ধ্বংস করার ষড়যন্ত্র, যাতে আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারি।’

আসাদুল হাবিব দুলু আরও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক—এই চারটি সামাজিক অপরাধ লালমনিরহাট থেকে দূর করতে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি শুরু করা হয়েছে। এ কর্মসূচির কার্যক্রম দেখতে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসবেন বলেও জানান তিনি।

শিক্ষাব্যবস্থায় নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টি তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, এখন শিক্ষার্থীরা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। অনেক শিক্ষক নির্যাতনের শিকারও হয়েছেন। নীতিবোধ, মূল্যবোধ, সম্মান, সামাজিকতা ও নৈতিকতার ক্ষেত্রে আমরা পিছিয়ে গেছি। এ অবস্থা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা