Home আজকের মিল্লাত গোপালগঞ্জে ট্রেন ও দুই থানার কার্যক্রম চালুতে দেরি, স্থগিত সরকারি বরাদ্দও

গোপালগঞ্জে ট্রেন ও দুই থানার কার্যক্রম চালুতে দেরি, স্থগিত সরকারি বরাদ্দও

A+A-
Reset

গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল এবং পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম শিগগিরই চালু হচ্ছে না। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় গোপালগঞ্জের বিভিন্ন সরকারি বরাদ্দও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নাশকতার আশঙ্কা থাকায় আপাতত গোপালগঞ্জে ট্রেন চলাচল চালুর বিষয়ে ভাবছে না সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম চালুর জন্য স্থানীয় লোকজন অনুরোধ করছেন। তবে থানা দুটির কার্যক্রম স্বাভাবিক করতে আরও সময় লাগবে। আপাতত থানা দুটির কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে পুড়ে যাওয়া থানা দুটি সংস্কারের উদ্যোগ নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে সরকারের একাধিক সূত্র জানিয়েছে, গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় সারা দেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তার মধ্যে গোপালগঞ্জের তৃতীয় কিস্তির অর্থ ছাড় না করার সিদ্ধান্ত হয়েছে। সাধারণত এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়। গোপালগঞ্জের ক্ষেত্রে জানুয়ারি থেকে মার্চ মেয়াদের কিস্তির অর্থ ছাড় বন্ধ থাকবে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ট্রেন চলাচল চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুটি থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন। তবে থানা দুটির কার্যক্রম কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এতে কিছুটা সময় লাগবে। ট্রেন চলাচলও চালু হয়নি। এ সেবা চালু হতেও সময় লাগবে।

ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অনেকে বাসের তুলনায় ট্রেনে যাতায়াত করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ, ট্রেনে ঢাকায় যাতায়াতে সময় ও খরচ দুটোই কম লাগে। ট্রেন চলাচল চালুর দাবিতে স্থানীয় কয়েকজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগও করছেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গোপালগঞ্জে ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এখনই ট্রেন চলাচল শুরু না করার পরামর্শ দেওয়া হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে আবারও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটতে পারে। এতে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব সেবা চালুর সম্ভাবনা কম।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা