Home আজকের মিল্লাত জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, সমঝোতা ছাড়াই শেষ কপ৩১ সম্মেলন

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, সমঝোতা ছাড়াই শেষ কপ৩১ সম্মেলন

A+A-
Reset

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের রূপরেখা এবং জলবায়ু অর্থায়ন নিয়ে গভীর মতবিরোধের জেরে কোনো গুরুত্বপূর্ণ সমঝোতা ছাড়াই শেষ হয়েছে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ৩১। দুই সপ্তাহের আলোচনা শেষে গত শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলে রোববার পর্যন্ত। এর মধ্য দিয়ে জাতিসংঘের ইতিহাসে দীর্ঘতম জলবায়ু সম্মেলনের রেকর্ড গড়েছে এবারের আয়োজন।

সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে প্রধান বিরোধের বিষয় ছিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং জলবায়ু অর্থায়ন। সৌদি আরব, রাশিয়া ও ভারতসহ কয়েকটি দেশ চূড়ান্ত খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানির উল্লেখ রাখার বিরোধিতা করে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোসহ কয়েকটি পক্ষ জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় খসড়াটি প্রত্যাখ্যান করে।

এর আগে ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনেও মূল রাজনৈতিক সমঝোতা ভেস্তে গিয়েছিল। এবারের সম্মেলন সেই ব্যর্থতারই আরেকটি নজির হয়ে থাকল।

সম্মেলনের ফলাফল নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিব হিসেবে দায়িত্ব ছাড়ার আগে এটিই তাঁর শেষ কপ সম্মেলন। এ সময় জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট প্রভাবশালী গোষ্ঠীগুলোর কঠোর সমালোচনা করেন তিনি।

গুতেরেস বলেন, এসব গোষ্ঠী বড় তামাক কোম্পানিগুলোর কৌশল অনুসরণ করছে। তারা বিজ্ঞানের তথ্য বিকৃত করছে, নীতিনির্ধারণে বিলম্ব ঘটাচ্ছে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে বাধা দিচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা বিপুল মুনাফা করলেও এর মূল্য দিতে হচ্ছে বিশ্বের সাধারণ মানুষকে।

দুই সপ্তাহের দীর্ঘ আলোচনায় ক্লান্ত প্রতিনিধিদের সামনে রোববার ভোরে নতুন একটি খসড়া চুক্তি উপস্থাপন করা হয়। এর আগে গত সোমবার প্রকাশিত প্রথম খসড়ায় ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দবন্ধটি ছয়বার উল্লেখ করা হয়েছিল। তবে তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তির মুখে শেষ পর্যন্ত চূড়ান্ত খসড়া থেকে শব্দবন্ধটি পুরোপুরি বাদ দেওয়া হয়। কয়লা, তেল ও গ্যাসের বিষয়ে এতে শুধু ২০২৩ সালের কপ২৮ সম্মেলনে গৃহীত একটি সিদ্ধান্তের পরোক্ষ উল্লেখ রাখা হয়।

চূড়ান্ত খসড়ার বিরোধিতা করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়া আয়ারল্যান্ডের মন্ত্রী ডারা ও’ব্রায়েন। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ নেই—এমন জলবায়ু চুক্তি মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর প্রতিনিধিরাও সম্মেলনের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেন।

অন্যদিকে সৌদি আরবের প্রতিনিধি মোহাম্মদ আইয়ুব নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ঐতিহাসিকভাবে গ্রিনহাউস গ্যাসের মোট নিঃসরণে আরব দেশগুলোর অবদান সামান্য।

এদিকে জীবাশ্ম জ্বালানি নিয়ে বিতর্কের কারণে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের অর্থায়নের বিষয়টি আলোচনায় গুরুত্ব হারিয়েছে বলে অভিযোগ করেছেন আফ্রিকান দেশগুলোর আলোচকগোষ্ঠীর চেয়ারম্যান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে দরিদ্র দেশগুলোর জন্য এই অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা