Home আজকের মিল্লাত ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে পুরোপুরি একমত নন ভ্যান্স

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে পুরোপুরি একমত নন ভ্যান্স

A+A-
Reset

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের সঙ্গে সরাসরি একমত নন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সমর্থন করাকে নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ভ্যান্স বলেন, প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার বিচার-বিশ্লেষণ করা তার দায়িত্ব নয়।

তবে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি মোকাবিলায় যুদ্ধ অপরিহার্য ছিল—ট্রাম্পের এমন দাবির সঙ্গে সরাসরি একমত হননি তিনি।

ভ্যান্স বলেন, ‘আমি মনে করি, প্রেসিডেন্টই সিদ্ধান্ত নেন এবং তিনি বলেছেন, আবারও একই সিদ্ধান্ত নেবেন। আমার দৃষ্টিভঙ্গি হলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করাই আমার লক্ষ্য ও দায়িত্ব।’

এদিকে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভ্যান্সের বক্তব্যে তিনি অসন্তুষ্ট নন। তবে ইরান যুদ্ধের বিষয়ে প্রশ্ন করা হলে ভাইস প্রেসিডেন্টের আরও একটি বিষয় স্পষ্ট করা উচিত ছিল বলে মনে করেন তিনি।

ট্রাম্পের ভাষ্য, যুদ্ধ আবার শুরু করা উচিত কি না—এমন প্রশ্নের উত্তর অবশ্যই হ্যাঁ। কারণ, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না।

এ বিষয়ে দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক মাস ধরে ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

গত মাসে আলাস্কায় এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মাত্র দুই সপ্তাহ দূরে ছিল। এ কারণেই গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালানো জরুরি হয়ে পড়েছিল।

তবে ট্রাম্পের এই দাবি প্রকাশ্যে থাকা মার্কিন গোয়েন্দা তথ্যের সঙ্গে সাংঘর্ষিক। ২০২৫ সালের ২৫ মার্চ কংগ্রেসে তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড জানিয়েছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। এমনকি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ২০০৩ সালে স্থগিত করা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় চালুর অনুমোদন দেননি বলেও জানিয়েছিলেন তিনি।

এরপরও ২০২৫ সালের ২১ জুন ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলোতে হামলার নির্দেশ দেন ট্রাম্প। ওই রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি দাবি করেন, মার্কিন হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

কিন্তু আট মাস পর, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে ট্রাম্প আবারও বলেন, দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতেই এই সামরিক অভিযান শুরু করা হয়েছে।

এদিকে চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, ‘আমাদের পরাজয়ের কারণ যুদ্ধ।’

তিনি আরও বলেন, কেউ যদি মনে করেন, যুদ্ধের বিনিময়ে আগামী ছয় বছরের জন্য সিনেট হারানো সার্থক ছিল, তাহলে সেই যুক্তি তুলে ধরতে পারেন। তবে যুদ্ধের কারণে দলটির নির্বাচনী ক্ষতি হয়েছে, এ বিষয়টি সবাই জানেন।

হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্যের পর ভ্যান্সকে আবারও প্রশ্ন করা হয়, ইরান যুদ্ধকে তিনি সার্থক মনে করেন কি না। জবাবে তিনি বলেন, প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা তার কাজ নয়। তবে যুদ্ধকে সার্থক বলে ট্রাম্পের যুক্তির পক্ষেও সরাসরি অবস্থান নেননি তিনি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা