Home আজকের মিল্লাত দক্ষিণ লেবাননে বিস্ফোরক দিয়ে স্থাপনা ধ্বংস করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে বিস্ফোরক দিয়ে স্থাপনা ধ্বংস করল ইসরায়েল

A+A-
Reset

দক্ষিণ লেবাননের কান্তারা এলাকার উপকণ্ঠে বিস্ফোরক ব্যবহার করে স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার (২৩ নভেম্বর) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

এনএনএর প্রতিবেদন অনুযায়ী, এর আগে রোববার জাওতার আল-শারকিয়াহ এলাকায় একটি বিস্ফোরণ ঘটায় ইসরায়েলি বাহিনী। এর পরপরই কাফার তিবনিতে আরেকটি বিস্ফোরণ ঘটানো হয়। দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা থেকে এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে, গত মার্চ থেকে লিতানি নদী পর্যন্ত বিস্তৃত এলাকায় ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে লেবানন সরকারের নীরবতার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এনএনএ জানিয়েছে, নাবাতিয়েহ আল-ফাওকা ও জাওতার এলাকার বাসিন্দারা পৃথক দুটি বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

অন্যদিকে, দখলকৃত দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের প্রতি সংহতি জানিয়ে ২২ নভেম্বর লেবাননের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি।

এক বিবৃতিতে তিনি এ বছরের স্বাধীনতাকে ‘অসম্পূর্ণ ও অপূর্ণ’ বলে অভিহিত করেন। বেরি বলেন, লেবাননের ভূখণ্ড দখলমুক্ত হওয়া এবং সরকার ও জনগণের অবস্থান পুনরায় ঐক্যবদ্ধ হলেই কেবল স্বাধীনতা পূর্ণতা পাবে।

সূত্র: মিডল ইস্ট আই

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা