Home আজকের মিল্লাত এনআইডিতে জন্মতারিখ-নাম সংশোধনে নতুন নিয়ম, একবারই মিলবে সুযোগ

এনআইডিতে জন্মতারিখ-নাম সংশোধনে নতুন নিয়ম, একবারই মিলবে সুযোগ

A+A-
Reset

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ ও নাম সংশোধনের প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। নতুন নিয়ম অনুযায়ী, অনলাইনে যাচাই করা যায়—এমন শিক্ষাগত সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ ব্যবহার করে জন্মতারিখ সংশোধনের আবেদন এবং নিজের নাম বা বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদন জাতীয় পরিচয়পত্রের মহাপরিচালক (ডিজি) নিষ্পত্তি করবেন।

এ ছাড়া জন্মতারিখ, নিজের নাম এবং বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে সংশোধনের সুযোগ থাকবে মাত্র একবার। অর্থাৎ এসব তথ্য একবার সম্পূর্ণ পরিবর্তন করা হলে পরবর্তীতে দ্বিতীয়বার সংশোধনের আবেদন করা যাবে না।

নতুন নির্দেশনার ফলে কোন ধরনের আবেদন স্থানীয় পর্যায়ে নিষ্পত্তি করা যাবে এবং কোন আবেদন কেন্দ্রীয়ভাবে অনুমোদনের জন্য পাঠাতে হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য প্রক্রিয়াটি আরও স্পষ্ট হলো।

জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র ও সংশোধনের ধরন অনুযায়ী নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা