Home আজকের মিল্লাত ‘আমাকে গালি দেয়, আমি নাকি মেম্বারও হতে পারব না’ কর্নেল অলি

‘আমাকে গালি দেয়, আমি নাকি মেম্বারও হতে পারব না’ কর্নেল অলি

A+A-
Reset

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বিএনপি সরকারের সময় তিনি সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত না হওয়ায় তিনি দল থেকে বেরিয়ে আসেন।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান, মন্ত্রিত্বের অভিজ্ঞতা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

কর্নেল অলি আহমদ বলেন, ‘১৯৯১ সালের পর আমি যখন যোগাযোগমন্ত্রী ছিলাম, দলমত নির্বিশেষে সব সংসদ সদস্যের জন্যই কাজ করেছি। অথচ আমাকে দল থেকে বলা হয়েছিল, আমি যেন শুধু বিএনপির জন্য কাজ করি।’

তিনি বলেন, ‘আমি তখন বলেছিলাম, আমি পদত্যাগ করে চলে যাব। কারণ আমি শপথ নিয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মন্ত্রী হিসেবে। আমার শপথ বিএনপির মন্ত্রী হিসেবে নয়।’

অলি আহমদ বলেন, ‘সুতরাং আমি এখানে কোনো পার্থক্য করব না। প্রয়োজনে পদ ছাড়তে রাজি আছি, তবু বেইমানি, মোনাফেকি করতে পারব না।’

নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনার প্রসঙ্গে কর্নেল অলি বলেন, ‘এখন আমাকে গালি দেয়, আমি নাকি মেম্বারও হতে পারব না। আমি কিছু বলি না। কারণ, যে যে স্তরের লোক, তার চিন্তাধারাও তো ওই স্তরের।’

তিনি বলেন, ক্ষমতা বা পদ-পদবির জন্য নিজের নীতি ও আদর্শের সঙ্গে আপস করতে তিনি রাজি নন।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে কর্নেল অলি আহমদ বলেন, ‘বাংলাদেশ যখনই বিপদের সম্মুখীন হয়েছে, আমি সম্মুখভাগে ছিলাম। ১৯৭১ সালে যখন পুরো জাতি দিশেহারা ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আমরা বিদ্রোহ করেছিলাম।’

তিনি বলেন, ‘আমি নিজেই তাকে কালুরঘাট বেতার কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। আমরা পাশাপাশি বসা ছিলাম। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন তিনি। তখন আমার বয়স কতই-বা ছিল? সামান্য একজন তরুণ ক্যাপ্টেন।’

অলি আহমদ আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সংঘটিত ১৯টি ‘ক্রু’-তে তিনি সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সাক্ষাৎকারে তিনি নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি সুশাসন, দুর্নীতি ও রাজনৈতিক আদর্শের প্রশ্নে নিজের অবস্থানও স্পষ্ট করেন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা