Home আজকের মিল্লাত চীনের ১০ টন ওজনের বৈদ্যুতিক উড়োজাহাজের প্রথম চালকসহ পরীক্ষামূলক উড্ডয়ন

চীনের ১০ টন ওজনের বৈদ্যুতিক উড়োজাহাজের প্রথম চালকসহ পরীক্ষামূলক উড্ডয়ন

A+A-
Reset

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০ টন ওজনের বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ সিই-২৫এ প্রথমবারের মতো চালকসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে চীন। শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের বিনঝৌ শহরে এ উড্ডয়ন পরিচালিত হয়।

চীনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কম্যাক) জানিয়েছে, পরীক্ষামূলক উড্ডয়নের সময় উড়োজাহাজটিতে দুজন পাইলট ও একজন ফ্লাইট-টেস্ট প্রকৌশলী ছিলেন। পুরো উড্ডয়নকালে উড়োজাহাজটি স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে এবং এর সব কর্মক্ষমতা সূচক প্রত্যাশা অনুযায়ী ছিল।

সিই-২৫এ হলো কম্যাকের তৈরি প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ। মূলত আন্তনগর যাত্রী পরিবহনের জন্য এটি তৈরি করা হয়েছে। উড়োজাহাজটিতে একসঙ্গে ১৯ জন যাত্রী বহন করা সম্ভব। এর সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ টন। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম উড়োজাহাজটি ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় উড়তে পারে। একবার পূর্ণ চার্জে এটি সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।

এর আগে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি সিই-২৫এ প্রথমবারের মতো চালকবিহীন স্বয়ংক্রিয় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে। কম্যাক, চীনের ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে উড়োজাহাজটি তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত এর ১৯টি চালকবিহীন স্বয়ংক্রিয় উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন হয়েছে।

উড়োজাহাজটির নকশা ও নির্মাণের পরবর্তী ধাপ হিসেবে টাইপ সার্টিফিকেট বা উড্ডয়ন-যোগ্যতার সনদের জন্য কম্যাকের করা আবেদন গ্রহণ করেছে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই সনদ পাওয়ার মধ্য দিয়ে উড়োজাহাজটির বাণিজ্যিক ব্যবহারের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা