Home আজকের মিল্লাত আওয়ামী লীগ নেতাকে আটকের পর ডিম, পানি ও কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা

আওয়ামী লীগ নেতাকে আটকের পর ডিম, পানি ও কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা

A+A-
Reset

রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। আটক ওই নেতার নাম জাভেদ দিদার। পুলিশে সোপর্দ করার আগে তাঁকে সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন যুবদল নেতা নয়ন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে পল্টন এলাকা থেকে অনুসারীদের নিয়ে জাভেদ দিদারকে আটক করেন নয়ন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এদিন রাতে ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন রবিউল ইসলাম নয়ন। ভিডিওর ক্যাপশনে তিনি দাবি করেন, ‘নাশকতার পরিকল্পনাকালে পল্টন থেকে লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে হাতেনাতে ধরে ডিম, পানি এবং কফি খাইয়ে পুলিশে সোপর্দ।’

পাঁচ মিনিট ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রাতে নেতা-কর্মীদের নিয়ে জাভেদ দিদারকে আটক করেন নয়ন। আটকের পর তাঁর পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান তিনি। কথোপকথনের একপর্যায়ে জাভেদ দিদার জানান, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

এরপর নয়নকে বলতে শোনা যায়, তিনি একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছেন এবং তাঁকে ডিম খাওয়াচ্ছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা একজন একটি ডিম এগিয়ে দেন। প্রথমে জাভেদ দিদার ডিম খেতে অস্বীকৃতি জানালেও পরে নয়ন বলেন, ‘আপনিও খান, আমিও খাই।’ এরপর তিনি ডিমটি মুখে দেন এবং নয়নও একটি ডিম খান। এভাবে জাভেদ দিদারকে দুটি ডিম খাওয়ানো হয়। পরে তাঁর জন্য পানির বোতল আনতে বলেন নয়ন।

ভিডিওতে আরও দেখা যায়, ডিম খাওয়ানোর পর জাভেদ দিদারকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন যুবদল নেতা নয়ন। এ সময় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার আগমন উপলক্ষে জাভেদ দিদার গুলিস্তানের আশপাশে নাশকতার পরিকল্পনা করছিলেন। এ কারণে তাঁকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির শক্তি বাড়ানোর জন্য দুটি ডিম ও পানি দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় নয়নের সঙ্গে থাকা নেতা-কর্মীদের ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিতে শোনা যায়। ভিডিওতে নয়ন আরও বলেন, ঢাকা মহানগর দক্ষিণ এলাকায় কেউ ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে নাশকতার পরিকল্পনা করলে তাকে ছাড় দেওয়া হবে না। এরপর নেতা-কর্মীরা ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’ স্লোগান দেন।

কিছুক্ষণ পর জাভেদ দিদারকে একটি কফিশপে নিয়ে যান নয়ন। সেখানে তাঁকে চেয়ারে বসিয়ে কফি খাওয়ানো হয়। একপর্যায়ে নয়ন নিজেই তাঁর মুখে কফি তুলে দেন। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের আচরণ নিয়ে কথা বলেন তিনি। ওই সময় একটানা ৭৭ দিন রিমান্ডে ছিলেন বলেও তাঁকে বলতে শোনা যায়।

ভিডিওর শেষ দিকে আটক ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দেন নয়ন। পরে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হলে জাভেদ দিদারের মুঠোফোন তাঁদের কাছে বুঝিয়ে দেন তিনি। এরপর কফিশপ থেকে বের করে জাভেদ দিদারকে পুলিশের গাড়িতে তোলা হয়। পুলিশ সদস্যরা তাঁকে নিয়ে যান।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটক জাভেদ দিদারকে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা