Home আজকের মিল্লাত আজই চূড়ান্ত হতে পারে ইউপি নির্বাচনের সময়সূচি

আজই চূড়ান্ত হতে পারে ইউপি নির্বাচনের সময়সূচি

A+A-
Reset

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি আজ সোমবার চূড়ান্ত হতে পারে। এ লক্ষ্যে সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে স্থানীয় সরকার পরিষদগুলোর নির্বাচন নিয়ে আলোচনা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ। এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ, পার্সোনালাইজেশন সেন্টারে থাকা যন্ত্রপাতির অবস্থা ও রক্ষণাবেক্ষণ, কার্ড মুদ্রণ, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ও রয়েছে।

এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয় বৈঠকে আলোচনার জন্য রাখা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।

তিনি বলেন, কমিশন সভায় ইউপি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে জানানো হবে। নির্বাচন কতটি ধাপে বা স্লটে অনুষ্ঠিত হবে এবং কোন কোন তারিখে হবে, সে সিদ্ধান্তও নেওয়া হবে।

নির্বাচন কমিশনার আরও জানান, ইউপি নির্বাচনের তফসিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না। মাঠপর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। কমিশন শুধু নির্বাচনের ধাপ ও সময়সূচি নির্ধারণ করে দেবে।

নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের সব ধাপ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা