Home আজকের মিল্লাত পোল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত, আটক এক

পোল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত, আটক এক

A+A-
Reset

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ককে হত্যার পরিকল্পনার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। রোববার (১১ অক্টোবর) পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ককে হুমকি দেওয়া এবং তার ওপর হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তির পরিচয় কিংবা কথিত হামলার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

এর আগে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশের ওপর সম্ভাব্য হামলার হুমকির বিষয়ে সতর্ক করেছিল কর্তৃপক্ষ।

পুলিশের দ্রুত ও দৃঢ় পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী টাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোল্যান্ডে সহিংস অপরাধের ঘটনা তুলনামূলকভাবে কম হলেও দেশটিতে রাজনৈতিক মেরুকরণ তীব্র। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের কারণে নিরাপত্তাঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে।

গত আগস্টে দেশটির পুলিশ ২৩ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছিল। তার বিরুদ্ধে পোল্যান্ডের জ্যেষ্ঠ রাজনীতিকদের হত্যার আহ্বান জানানোর অভিযোগ ছিল।

এর আগে, ২০২৪ সালে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর হত্যাচেষ্টার ঘটনার পর ডোনাল্ড টাস্ক জানিয়েছিলেন, তিনিও হত্যার হুমকি পেয়েছেন।

পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারোলিনা গালেতস্কা জানান, সম্ভাব্য হামলার বিষয়ে তথ্য দিয়ে একটি ই-মেইল পাওয়ার পর সেটি পুলিশের কাছে পাঠানো হয়। মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগ ই-মেইলটি পুলিশের কাছে হস্তান্তর করেছিল।

সূত্র: রয়টার্স

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা