রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। সোমবার (২৩ নভেম্বর) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ অবস্থান জানান। একই দিনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
ফ্রান্স২৪-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী ১৪টি দেশ হলো—যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া।
বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, মিয়ানমার আন্তর্জাতিক গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা গুরুতরভাবে লঙ্ঘন করেছে। আইসিজের রায় মিয়ানমারের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। তাই আন্তর্জাতিক আইন ও আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিজেদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালনের জন্য মিয়ানমারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে, পৃথক এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতাকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের ঘটনা কোনোভাবেই জবাবদিহির বাইরে থাকতে পারে না।
যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ব্রিটেনে থাকা সম্পদ জব্দ এবং তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি রপ্তানি ও সরবরাহের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করতে নতুন আইন প্রণয়নের পরিকল্পনার কথাও জানিয়েছে দেশটি।
নিষেধাজ্ঞার পাশাপাশি রোহিঙ্গাদের জন্য মানবিক ও আইনি সহায়তা বাড়ানোর ঘোষণাও দিয়েছে যুক্তরাজ্য। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের জীবনরক্ষাকারী সহায়তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড দেওয়া হবে।
এ ছাড়া মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক উদ্যোগে আরও ৩০ লাখ পাউন্ড অর্থায়ন করবে ব্রিটিশ সরকার।