সরকারি ভবনের অব্যবহৃত ছাদে বেসরকারি বিনিয়োগে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ করে দিয়েছে সরকার। এ জন্য বিশেষ অধ্যাদেশ জারির পর উদ্যোক্তা নির্বাচন, বিদ্যুৎ বিক্রি, মূল্য নির্ধারণ ও চুক্তির শর্ত চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ বিভাগ। নতুন ব্যবস্থায় সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব অর্থ বিনিয়োগ করতে হবে না। ছাদ ব্যবহারের বিনিময়ে উৎপাদিত বিদ্যুতের অন্তত ১০ শতাংশ বিনা মূল্যে পাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বাকি বিদ্যুৎ বিক্রি করে বিনিয়োগের অর্থ তুলে নেবেন বেসরকারি উদ্যোক্তারা। এ জন্য করা হবে ১৫ বছরের চুক্তি। প্রকল্প বাস্তবায়নে প্রাথমিকভাবে সারা দেশে ৮ হাজার ২৩৬টি উদ্যোক্তা প্রতিষ্ঠান বাছাই করেছে বিদ্যুৎ বিভাগ।
সরকারের লক্ষ্য, ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলা। নির্ধারিত সময়ের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যোগ্য প্রকল্পের উদ্বৃত্ত বিদ্যুৎ ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার ব্যবস্থা রাখা হয়েছে। তবে বিপুলসংখ্যক প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন, উদ্যোক্তাদের কারিগরি সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন রয়েছে।
বিদ্যুৎ বিভাগের ১ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় পরিচালন ব্যয়ভিত্তিক (ওপেক্স) ও মূলধনি ব্যয়ভিত্তিক (ক্যাপেক্স) মডেলে প্রকল্প বাস্তবায়নের শর্ত নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনটি ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। এর আগে ১৯ অক্টোবর বিশেষ অধ্যাদেশ জারি করা হয়। এতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনসহ উপযুক্ত স্থাপনায় সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের সুযোগ রাখা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ওপেক্স মডেলে বেসরকারি উদ্যোক্তারা সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ ব্যয় বহন করবেন। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান শুধু ছাদ ব্যবহারের সুযোগ দেবে। বিনিময়ে উৎপাদিত বিদ্যুতের অন্তত ১০ শতাংশ বিনা মূল্যে পাবে। এর অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করলে প্রচলিত খুচরা মূল্যের তুলনায় ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
সাধারণ সরকারি দপ্তরের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা মূল্য ১৩ টাকা ৮২ পয়সা ধরে ছাড়ের পর দাম দাঁড়াবে প্রায় ১১ টাকা ৬ পয়সা। বড় সরকারি দপ্তর বা কমপ্লেক্সের ক্ষেত্রে প্রতি ইউনিট ১২ টাকা ৫৪ পয়সা ধরে ছাড়ের পর দাম হবে প্রায় ১০ টাকা ৩ পয়সা। তবে শিক্ষা, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান এবং হাসপাতালের এলটি-ডি১ শ্রেণির গ্রাহকদের জন্য প্রতি ইউনিট ৮ টাকা ৫০ পয়সা হারে বিল নির্ধারণের বিশেষ বিধান রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। এ সময় সৌরবিদ্যুৎকেন্দ্রের মালিকানা ও পরিচালনার দায়িত্ব থাকবে বিনিয়োগকারীর কাছে। চুক্তির মেয়াদ শেষে কেন্দ্রটি ছাদমালিকের কাছে বিনা মূল্যে হস্তান্তর করতে হবে। তবে উভয় পক্ষের সম্মতিতে চুক্তি নবায়নের সুযোগ থাকবে।
উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে কারিগরি ও আর্থিক সক্ষমতা যাচাই করা হবে। যে প্রতিষ্ঠান উৎপাদিত বিদ্যুতের সর্বোচ্চ অংশ বিনা মূল্যে দেওয়ার প্রস্তাব করবে, তাকে অগ্রাধিকার দেওয়া হবে। একাধিক প্রতিষ্ঠানের প্রস্তাব সমান হলে লটারির মাধ্যমে উদ্যোক্তা নির্বাচন করা হবে।
প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে সরকারি ক্রয়প্রক্রিয়ার কিছু বিধানও শিথিল করা হয়েছে। ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্রের আর্থিক সীমা সর্বোচ্চ ৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ সৌরবিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে ই-জিপি ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়নি।
উৎপাদিত বিদ্যুৎ ছাদমালিকের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত অংশ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এ ক্ষেত্রে নেট রপ্তানিকৃত বিদ্যুতের ১০ শতাংশ বিতরণ সংস্থা কর্তন করবে। বাকি ৯০ শতাংশ উদ্যোক্তার হিসাবে জমা হবে। বিতরণ সংস্থা প্রতি তিন মাস পরপর উদ্যোক্তাকে বিল পরিশোধ করবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যোগ্য প্রকল্পগুলো ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা পাবে। এরপর সরকার নির্ধারিত মূল্য কার্যকর হবে।
বিদ্যুৎ বিভাগের জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫ হাজার ৫০০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। একই সময়ে ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে।
কৌশলপত্র অনুযায়ী, দেশে বর্তমানে নবায়নযোগ্য বিদ্যুতের উৎপাদন সক্ষমতা প্রায় ২ হাজার মেগাওয়াট। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করতে প্রায় ১২ হাজার থেকে ১৪ হাজার মেগাওয়াট সক্ষমতা প্রয়োজন হবে। অর্থাৎ এ সময়ের মধ্যে আরও প্রায় ১০ হাজার থেকে ১২ হাজার মেগাওয়াট সক্ষমতা যুক্ত করতে হবে।
হিসাব অনুযায়ী, ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা গড়ে তুলতে আনুমানিক ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন হতে পারে। সে হিসাবে প্রতি মেগাওয়াটে গড় বিনিয়োগের পরিমাণ প্রায় ৬ কোটি ২৫ লাখ টাকা। অন্যদিকে, উদ্যোক্তাদের অর্থায়নে সরকারের ঘোষিত প্রাথমিক তহবিল ১ হাজার ৫০০ কোটি টাকা, যা সম্ভাব্য মোট বিনিয়োগের মাত্র ৬ শতাংশ।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থায়নের পাশাপাশি উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা, ভবনের কাঠামোগত সক্ষমতা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি। ধুলাবালির কারণে সৌর প্যানেলের উৎপাদন দক্ষতা কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে। এ ছাড়া দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয়চুক্তি ও প্রণোদনার কারণে সরকারের ভবিষ্যৎ আর্থিক দায় কতটা বাড়তে পারে, তা মূল্যায়ন করা প্রয়োজন।
পাশাপাশি সরকারি ক্রয়বিধিতে ছাড় দেওয়ায় উদ্যোক্তা নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবে কত মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত করা সম্ভব হয়, সেটিই হবে সরকারের এ উদ্যোগের সফলতার প্রধান পরীক্ষা।