জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেন তিনি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এবারের পদকপ্রাপ্তদের মধ্যে আটটি স্বর্ণপদক ও ১৫টি রৌপ্যপদক রয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের এ পদক দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও বিকাশে অবদানের স্বীকৃতি হিসেবে যারা জাতীয় প্রাণিসম্পদ পদক পেয়েছেন, তাদের প্রতি আন্তরিক অভিনন্দন। এ অর্জন দেশের প্রাণিসম্পদ খাতে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি। একই সঙ্গে দেশের লাখো উদ্যোক্তা, গবেষক ও এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য এটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের উৎপাদিত প্রাণী ও প্রাণিজ পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে খাদ্যনিরাপত্তা এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো বিকল্প নেই। সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, অচিরেই প্রাণিসম্পদ খাত দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হবে।

Related posts

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন