দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ সামরিক বিমান, যুদ্ধবিমান পাঠাল সিউল

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের কাছে দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) প্রবেশ করেছে একাধিক রুশ সামরিক বিমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই এলাকায় যুদ্ধবিমান পাঠায় দক্ষিণ কোরিয়া। তবে কিছুক্ষণ পরই রুশ বিমানগুলো অঞ্চলটি ছেড়ে চলে যায়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানায়, রুশ সামরিক বিমানগুলো পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসার সময় থেকেই সেগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছিল দেশটির সামরিক বাহিনী। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানগুলো আকাশে কৌশলগত তৎপরতা চালায়।

তবে রুশ সামরিক বিমানগুলো দক্ষিণ কোরিয়ার মূল আকাশসীমা লঙ্ঘন করেনি বলে বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

সামরিক পরিভাষায় এ ধরনের নজরদারি এলাকাকে ‘আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল’ বা এডিআইজেড বলা হয়। এটি কোনো দেশের মূল আকাশসীমার বাইরের একটি নির্দিষ্ট এলাকা, যা সাধারণত আন্তর্জাতিক আকাশসীমার অন্তর্ভুক্ত। কোনো বিদেশি উড়োজাহাজ দেশের আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে শনাক্ত করা এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার জন্য দেশগুলো এ ধরনের অঞ্চল নির্ধারণ করে।

এদিকে, এর আগে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের উল্লুং দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা জারি করেছিল দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একটি রুশ বিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে—এমন তথ্যের ভিত্তিতে এ সতর্কতা দেওয়া হয়েছিল। তবে মাত্র তিন মিনিটের মাথায় তা প্রত্যাহার করা হয়।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, উল্লুং দ্বীপের কাছে উত্তর কোরিয়ার একটি যুদ্ধবিমান চলে আসতে পারে—এমন আশঙ্কায় স্থানীয় প্রশাসনও ভুলবশত একটি সতর্কবার্তা জারি করেছিল। তবে কিছুক্ষণের মধ্যেই সেটিও প্রত্যাহার করা হয়।

সূত্র: রয়টার্স, ইয়োনহাপ

Related posts

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি