সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও নাজরানে আগে জারি করা সতর্কতা তুলে নিয়েছে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, ওই দুই অঞ্চলে আপাতত বিপদ কেটে গেছে।
তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাসংক্রান্ত কোনো তথ্য বা ভিডিও ধারণ এবং তা প্রচার না করতে বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। এ ধরনের তথ্য বা দৃশ্য প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
এর আগে সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় পূর্বাঞ্চলীয় প্রদেশ ও নাজরানে বিশেষ সতর্কতা জারি করেছিল সৌদি সিভিল ডিফেন্স। সে সময় বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়।
সূত্র: আল জাজিরা