ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হয়েছে: বারাক ওবামা

ইরানের বিরুদ্ধে বর্তমান মার্কিন প্রশাসনের সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে আরও দুর্বল করে তুলেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার (২৮ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে মরো শহরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

তেহরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না উল্লেখ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন ওবামা। তিনি বলেন, তাঁর প্রশাসনের সময় ইরানের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি দেশটির পারমাণবিক কর্মসূচি সফলভাবে সীমিত করেছিল।

সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনীতির ওপর গুরুত্বারোপ করে ওবামা বলেন, ‘আমাকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হয়নি। আমি কূটনীতিতে নিয়োজিত হয়েছিলাম।’

যুদ্ধের ক্ষয়ক্ষতি তুলে ধরে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ও সামরিক ঘাঁটিগুলোতে হামলা হয়েছে। এতে মার্কিন নাগরিক নিহত হয়েছেন এবং শত শত মানুষ আহত হয়েছেন।

তিনি আরও বলেন, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত কমে গেছে। এতে দেশটির সামরিক সক্ষমতা দুর্বল হয়েছে এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব বেড়েছে।

ওবামার ভাষ্য, যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতির প্রভাব জ্বালানি বাজারেও পড়েছে। এ কারণেই তেলের দাম বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আল জাজিরা

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স